চেক হস্তান্তর 'সাজানো নাটক': বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নামে বিদেশে লেনদেন হওয়া ঘুষের অর্থ দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে চেকের মাধ্যমে হস্তান্তরের ঘটনাকে ‘সাজানো নাটক’ বলে অভিহিত করেছে দলটি।রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল বুধবার সংবাদ সম্মেলনে ওই চেক হস্তান্তরের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এই মন্তব্য করে বিএনপি। সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দাবি করেন, জনদৃষ্টি ভিন্ন খাতে ফেরাতে সরকার নতুন নতুন ইস্যু সামনে নিয়ে আসছে। এটি তারই অংশ।
গত মঙ্গলবার বিকেলে দুদক আয়োজিত ‘পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারবিষয়ক’ প্রশিক্ষণ অনুষ্ঠানের সমাপনী দিনে দুদকের চেয়ারম্যান মো. বদিউজ্জামানের কাছে একটি প্রতীকী চেক হস্তান্তর করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অনুষ্ঠানে জানানো হয়, সিঙ্গাপুর থেকে তৃতীয়বারের মতো কোকোর ঘুষের অর্থের আরও প্রায় সাড়ে সাত কোটি টাকা দেশে এনেছে দুদক।
মির্জা ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে। এখান থেকে জনদৃষ্টি ভিন্ন খাতে ফেরাতে সরকার নতুুন নতুন ইস্যু সামনে আনছে। দুদক কোকোর একটি পুরোনো মামলার রায়ের বরাত দিয়ে নাটক করেছে। ক্রিকেট খেলায় যেভাবে বড় চেক অ্যাওয়ার্ড দেওয়া হয়, তেমনি অ্যাটর্নি জেনারেল একটি বড় চেক দুদকের হাতে তুলে দিয়েছেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, কোকো ও বিএনপিকে হেয়প্রতিপন্ন করতে চেক হস্তান্তরের ঘটনা ঘটানো হয়েছে। একইভাবে তারেক রহমানের বিরুদ্ধেও নানা অপপ্রচার চালানো হচ্ছে। তারেক রহমান ও কোকোর বিরুদ্ধে যেসব মামলা, সেগুলো সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, সরকার নিজেদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করে নিচ্ছে, কিন্তু বিরোধী দলের একটি মামলাও প্রত্যাহার করেনি। এর উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করা।
মির্জা ফখরুল বলেন, পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে কানাডায় মামলা চলছে। কে কত শতাংশ ঘুষ নিয়েছেন, তা পত্রিকায় এসেছে। নিজেদের এসব অপকীর্তি ঢাকার জন্য সরকার এখন নানা অপচেষ্টা চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা, সদস্যসচিব আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।