চেকারের অর্থ আদায়ের জন্য দৌড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাসের চেকার অর্থ আদায়ের জন্য দৌড়াচ্ছেন। ছবি: লেখক
বাসের চেকার অর্থ আদায়ের জন্য দৌড়াচ্ছেন। ছবি: লেখক

প্রথমে যে কেউ আমার ভিডিও দেখলে মনে হতে পারে যে একজন যাত্রী গন্তব্যে পৌঁছাতে গাড়িতে ওঠার জন্য চেষ্টা করছেন! বাস্তবতা আসলে তা নয়! আসলে বাসের চেকার টাকা নেওয়ার জন্য দৌড়াচ্ছেন।

গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আসাদ গেটসংলগ্ন বাসস্ট্যান্ডে এমন চিত্র দেখা গেল।

রাজধানীতে সিটিং সার্ভিসের নামে চলাচলকারী বাসগুলোর বিভিন্ন স্টপেজে চেকিং হয়। এ জন্য প্রতিটি বাস থেকে ১০ টাকা রেখে দেন গাড়ির চেকার! এটাকে আপনি কী বলবেন; পারিশ্রমিক, নাকি চাঁদাবাজি, নাকি অন্য কিছু। যদিও তিনি পরিশ্রমের বিনিময়েই টাকাটা পান। কিন্তু জনমনের প্রশ্ন, এ কেমন ধরনের পরিশ্রম যে গাড়ির পেছনে পেছনে দৌড়ে বাসচালকের সহকারীর (কন্ডাক্টর, যিনি ভাড়া আদায় করেন) কাছ থেকে টাকা নিয়ে আসেন। কখনো–বা দেখা যায় গাড়ি থেকে টাকা ছুড়ে দেন, সেই টাকা চেকার মহাসড়ক থেকে তুলে নেন। এটা ঢাকা ও ঢাকার বাইরের প্রতিদিনের চিত্র। পৃথিবীর কোনো সভ্য দেশে এ রকম দেখা তো যায়ই না, এগুলো কল্পনা করাও যায় না।

ঢাকাগামী প্রায় সব রোডেই এমন চিত্র দেখা যায় প্রতিনিয়ত। বেশির ভাগ সময় দেখা যায় রাজধানী ও রাজধানীর বাইরে ছাতার নিচে বসে থাকেন কিছু মানুষ। এঁদের গাড়ির চেকার বলে। সব চেকার এ রকমভাবে গাড়ি থেকে টাকা নেন, বিষয়টি তাও নয়। কিছু পরিবহন নিয়মতান্ত্রিকভাবেও চলে! তবে বেশির ভাগেরই অবস্থা নাজুক। রোদ–বৃষ্টি মাথায় নিয়ে চেকারদের কখন একটি গাড়ি আসবে, সেই অপেক্ষা করতে দেখা যায়! তাঁদের নেই কোনো মাসিক বেতন! তাঁরা গাড়িতে উঠে চেক করে ওয়ে বিলে সাইন করেন। তিনি গাড়িতে কতগুলো সিট ফাঁকা যায় বা কয়জন যাত্রী আছেন, কতজন শিক্ষার্থী বা অন্যান্য পাস আছে, সেই হিসাব লিখে দেন। বাস পরিচালনার ক্ষেত্রে এই সার্ভিস থাকতেই পারে। কিন্তু চলন্ত গাড়ি থেকে দৌড়ে টাকা আদায় করা নিশ্চয়ই কোনো সুন্দর বা সভ্য পরিচালনার মধ্যে পড়ে না! যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, এটি কোনো সিস্টেমের মধ্যেই পড়ে না। চেকার তাঁর জীবনের ঝুঁকি নিয়ে গাড়ির পেছনে দৌড়িয়ে টাকা নেন, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তিনি আরও বলেন, এই চেকারের কোনো বেতন নেই। এই ১০ টাকাই তাঁর বেতন।

এই টাকা অনেকের মধ্যে ভাগ–বাঁটোয়ারা হয় বলেও কেউ কেউ মনে করেন।

* মো. ওয়াহিদুজ্জামান, উপব্যবস্থাপক (জনসংযোগ), ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।