চেঙ্গী নদীতে সেতু নির্মাণ করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির নানিয়ারচরে চেঙ্গী নদীতে সেতু নির্মাণ করার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এ সেতুর নির্মাণকাজ শেষ হলে পার্বত্য অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে তা ইতিবাচক প্রভাব ফেলবে। গতকাল শনিবার নানিয়ারচরে এক অনুষ্ঠানে মন্ত্রী এ ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, অনুন্নত যোগাযোগব্যবস্থা পার্বত্য চট্টগ্রামের আর্থসামাজিক উন্নয়নে বড় বাধা। রাজনৈতিক কারণে নানা বিষয়ে মতভেদ থাকলেও চেঙ্গী সেতু নির্মাণে দলমত-নির্বিশেষে সবাই একমত। এ সেতু নির্মাণ হলে রাঙামাটি সদরের সঙ্গে নানিয়ারচর ও লংগদু উপজেলার যোগাযোগব্যবস্থা অনেক সহজ হবে, সময়ও কম লাগবে। তিনি বলেন, সেতুর দৈর্ঘ্য হবে ৪৩৫ মিটার। এটি নির্মাণ করবে সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ। ২০১৬ সালে নির্মাণকাজ শুরু হবে, শেষ হবে ২০১৮ সালে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি থেকে নির্বাচিত সাংসদ ও জনসংহতি সমিতির সহসভাপতি ঊষাতন তালুকদার, নারী সাংসদ ফিরোজা বেগম, সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান শক্তিমান চাকমা।