চেঙ্গী নদীর রাবার ড্যাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির একমাত্র রাবার ড্যামের কাজ শেষ হওয়ার কথা চলতি বছরের জুনের মধ্যে। কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ড্যামের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। এতে কৃষকেরা চলতি বছর থেকে ড্যামটির সুফল পাবেন কি না, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্য ১২টি প্রকল্পের সঙ্গে এ রাবার ড্যামটিরও উদ্বোধন করেন।
পানছড়ি উপজেলার শান্তিপুর এলাকায় চেঙ্গী নদীতে স্থাপিত ড্যামটির কারণে কৃষকেরা বোরো মৌসুমে সেচের সুবিধা পাবেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১১ সালে ড্যামের কাজ শুরু হয়েছে। শেষ হওয়ার কথা ছিল গত জুনে। ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ড্যামটি চালু করা হলে এক হাজার ২০০ হেক্টর জমি এক ফসলি থেকে দুই বা তিন ফসলি করা সম্ভব হবে।
এ ছাড়া আরও ছোট ছোট কিছু প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হলে তিন হাজার হেক্টর জমিতে চাষাবাদ করা সম্ভব হবে।
উদ্বোধনের পর ড্যাাম এলাকায় গিয়ে দেখা যায়, ড্যামের পশ্চিম পাড়ে এখনো বালু ভরাটের কাজ চলছে।
নদীর পাড় ভাঙন রোধে কংক্রিটের ব্লক ও ইট এখনো বসানো হয়নি। ড্যাম পরিচালনা ও কৃষকদের সুবিধার জন্য ড্যামের পাশে একটি কার্যালয় নির্মাণ করা হয়েছে। ওই কার্যালয়ে কোনো আসবাবপত্র নেই। আর ড্যামের ওপর নির্মিত সেতুর দুই পাশের সড়কের উন্নয়নকাজ করা হয়নি।
রাবার ড্যাম পরিচালনার জন্য ‘চেঙ্গী নদী রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’ নামের একটি সমিতি গঠন করা হয়েছে।
সমিতির সভাপতি সুধাংশু বিকাশ চাকমা বলেন, রাবার ড্যামটি উদ্বোধন করা হলেও কাজ এখনো অনেক বাকি। বাঁধের পশ্চিম পাশে বালু ভরাট করতে হবে। সেখানে ব্লক বসানো বাকি।
তিনি বলেন, ব্যবস্থাপনা কমিটির কাছে এখনো ড্যাম হস্তান্তর করা হয়নি। ড্যামের সুফল বাড়াতে আরও ছোট ছোট ১১টি প্রকল্পের প্রস্তাব করা হয়েছে। এখনো প্রকল্পগুলোর অনুমোদন মেলেনি।
সুধাংশু বিকাশ চাকমা বলেন, ড্যামটি যদি ডিসেম্বরের প্রথম সপ্তাহে চালু করা না হয়, তাহলে এ বছর কৃষকেরা বোরো চাষ করতে পারবেন না।
পানছড়ি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, ড্যামের কাজ শতভাগ শেষ হয়েছে। কৃষকেরা চাইলে এখন চালু করা যাবে।