চেঙ্গের খালে খেয়া নৌকা ডুবে শিশুসহ তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সদরের চেঙ্গের খালে খেয়ানৌকা ডুবে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় মাওয়াকান্দির বাজার এলাকায় চেঙ্গের খাল পার হওয়ার সময় নৌকা ডুবে সব যাত্রী নদীতে তলিয়ে যায়। এর মধ্যে তিনজনের কোনো খোঁজ পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ এলাকাবাসীকে নিয়ে রাত নয়টায় তিনজনের মরদেহ উদ্ধার করে।নিহতরা হচ্ছেন কেওয়াছড়া চা-বাগানের শ্রমিক সাগর দাশ (৩৫) ও বাঁশি দাশ (৩২) এবং বারঘর গ্রামের তেরা মিয়ার ছেলে শরিফ আহমদ (৮)।সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজলের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মৃতদেহ উদ্ধার করে। ওসি জানান, নৌকায় অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। নৌকার অপর পাঁচজন সাঁতার কেটে তীরে উঠতে পারলেও তিনজন পানিতে তলিয়ে যায়। নিহত ব্যক্তিদের দুজন কেওয়াছড়া চা-বাগানের শ্রমিক এবং অপরজন বারঘর এলাকার তেরা মিয়ার ছেলে।