চেতনা ছড়াচ্ছে 'মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ জাদুঘর'
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের কাশিমা গ্রামে গড়ে তোলা হয়েছে ‘মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ জাদুঘর’। মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ও নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়াতে ব্যক্তি উদ্যোগে এটি প্রতিষ্ঠা করা হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, ছোটভাকলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ব্যক্তিগত ও পারিবারিক উদ্যোগে ২০০১ সালে বাড়ির উঠানে দুই শতাংশ জমির ওপর জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নেন।
২০০৯ সালের ১৯ মে জাদুঘরটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকায় অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। ইতিমধ্যে এখানে ঠাঁই পেয়েছে মুক্তিযুদ্ধকালীন দুর্লভ তিন শতাধিক ছবিসহ বিভিন্ন স্মারক প্রকাশনা। রয়েছে রাজবাড়ী ও গোয়ালন্দের মুক্তিযোদ্ধাদের ছবিসহ ভারতের কল্যাণী ক্যাম্পের কিছু দুর্লভ ছবি, বঙ্গবন্ধুর মুক্তিসংগ্রামে আহ্বানের ছবি, পাকিস্তানি সেনাপতির আত্মসমর্পণের ছবি।
২০১৩ সালের ৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন মুক্তিযুদ্ধকালীন গোয়ালন্দ অঞ্চলের মুজিব বাহিনী প্রধান ফকির আবদুল জব্বার। এরপর থেকে এটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
এ ব্যাপারে গোলাম মোস্তফা বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার স্বপ্ন আমার দীর্ঘদিনের। আজ সবার সহযোগিতায় সে স্বপ্নের বাস্তবায়ন সম্ভব হচ্ছে। বিজয় দিবস উপলক্ষে আজ বুধবার জাদুঘর প্রাঙ্গণে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা পাঠের আসর ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।’
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুস সামাদ মোল্যা বলেন, ‘আমি মনে করি, দেশের বিভিন্ন স্থানে থাকা মুক্তিযোদ্ধা ভাইদেরও গোলাম মোস্তফার মতো উদ্যোগ নেওয়া দরকার।’