চেতনা ফিরেছে হাতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেতনা ফিরে পেয়ে উঠে দাঁড়িয়েছে ভারতের আসাম থেকে ভেসে আসা বুনো হাতিটি l প্রথম আলো
চেতনা ফিরে পেয়ে উঠে দাঁড়িয়েছে ভারতের আসাম থেকে ভেসে আসা বুনো হাতিটি l প্রথম আলো

চেতনা ফিরেছে ভারতের আসাম থেকে বন্যার পানিতে ভেসে আসা বুনো হাতির। প্রাণীটি উঠে দাঁড়িয়েছে। গতকাল শুক্রবার খাবারও খেয়েছে। বন বিভাগের কর্মকর্তারা এর নাম দিয়েছেন ‘বঙ্গ বাহাদুর’।

বন্যার পানিতে ভেসে গত ২৮ জুন কুড়িগ্রামের রৌমারী দিয়ে বাংলাদেশে আসে হাতিটি। এর ৪৫ দিন পর গত বৃহস্পতিবার বেলা দুইটার পর উদ্ধারকারী দল ট্রাঙ্কুইলাইজার গানের মাধ্যমে চেতনানাশক ওষুধ প্রয়োগ করে হাতিটিকে অচেতন করে। তখন হাতিটি ছিল জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামারাবাদ ইউনিয়নের কয়ড়া গ্রামে। পানিতে থাকা হাতিটি অচেতন হওয়ার আগে ওই গ্রামের এক বাড়ির পাশের জলাশয়ে ঝাঁপ দেয়। পরে উদ্ধারকারী দল স্থানীয় মানুষের সহায়তায় হাতিটিকে ডাঙায় তোলে। পায়ে শিকল বেঁধে এটিকে বেঁধে রাখা হয় আমগাছের সঙ্গে। হাতিটিকে দেখতে অসংখ্য মানুষ ভিড় করছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে চেতনা ফিরেছে হাতিটির। সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, ঢাকার বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল এবং বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট সূত্র বলেছে,¦বুনো হাতিটিকে এলাকাবাসীর সহযোগিতায় শুকনো স্থানে ওঠানো হয়েছে। পায়ে শিকল দিয়ে আমগাছের সঙ্গে বেঁধে রাখা হাতিটি দাঁড়াতে পারছে। বন অধিদপ্তরের লোকজন খাবার হিসেবে আখ, গুড়, লবণ ও কলার গাছ দিয়েছেন।

সূত্র বলেছে, হাতিটির ও স্থানীয় লোকজনের নিরাপত্তায় গতকাল সকাল থেকে পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়েছে। হাতির কাছে কেউ যেন না ভেড়ে, সে জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে মাইকিং করা হয়েছে।

ঢাকার বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক অসিত রঞ্জন পাল বলেন, হাতিটিকে উদ্ধারে ও পোষ মানাতে বঙ্গবন্ধু সাফারি পার্কের দুটি হাতি প্রস্তুত রাখা হয়েছে। বুনো হাতিটিকে সহায়তা করার জন্য যেকোনো সময় ওই হাতি দুটিকে পাঠানো হতে পারে।

ঢাকার বন অধিপ্তরের সাবেক উপপ্রধান বন সংরক্ষক তপন কুমার দে বলেন, ‘আমরা হাতিটির নাম দিয়েছি বঙ্গ বাহাদুর। ও এখন সুস্থ ও আশঙ্কামুক্ত। উঠে দাঁড়িয়েছে।’

২৭ জুলাই হাতিটি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার দুর্গম ছিন্নার চর থেকে সরিষাবাড়ীতে আসে।