চেতনা ফেরেনি খাদিজার
সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসের চেতনা আজ শুক্রবারও ফেরেনি। চিকিৎসকেরা বলেছেন, ধীরে ধীরে খাদিজার অবস্থার উন্নতি হচ্ছে। তিনি স্কয়ার হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
স্কয়ার হাসপাতালের সহযোগী পরিচালক (চিকিৎসা) মির্জা নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ধীরে ধীরে খাদিজার অবস্থার উন্নতি হচ্ছে। একটি পর্যায়ে তাঁর চেতনা ফিরে আসবে। ধারালো অস্ত্রের আঘাতগুলো খাদিজার মাথার ডান দিকে লেগেছে। এতে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়নি। তবে তাঁর বাঁ হাত ও পা অবশ অবস্থায় রয়েছে। কাল শনিবার অর্থোপেডিক বিশেষজ্ঞরা খাদিজার অবশ হয়ে যাওয়া বাঁ হাত ও পায়ের পরবর্তী অবস্থা সম্পর্কে জানাতে পারবেন।
গতকাল বৃহস্পতিবার চিকিৎসকেরা ভেন্টিলেটর খুলে নেওয়ার পর থেকে খাদিজা স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। ডান হাত ও ডান পা নাড়াতে পারছেন। চোখ খুলেছেন কয়েকবার।
৩ অক্টোবর সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রলীগের নেতা বদরুল আলম কুপিয়ে আহত করেন খাদিজাকে। পরে তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।