চেতনা '৭১-এ শিবিরের হামলা, ভাঙচুর
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মুক্তিযুদ্ধের ভাস্কর্য চেতনা ’৭১-এ হামলা চালিয়ে ভাঙচুর করেছেন ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা। এ সময় তাঁরা ক্যাম্পাসে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। গতকাল বৃহস্পতিবার রাতে ক্যাম্পাসে এসব ঘটনা ঘটে।
নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের একাধিক কর্মচারী প্রথম আলো ডটকমকে জানান, গতকাল রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে ছাত্রশিবির একটি মিছিল বের করে। এ সময় গোলচত্বরের পাশে অন্তত তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে শিবির কর্মীরা মিছিল নিয়ে চেতনা ’৭১-এ হামলা চালিয়ে ভাস্কর্যটির নামফলক ভাঙচুর করেন। পরে সেখানে আরও দুটি ককটেলের বিস্ফোরণ ঘটান। এ সময় বিশ্ববিদ্যালয়ের টহল পুলিশ এগিয়ে এলে শিবির কর্মীরা স্থান ত্যাগ করেন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ অধ্যাপক আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলো ডটকমকে বলেন, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষ পরবর্তী পদক্ষেপ নেবে।