চেতনানাশক খাইয়ে সোনার গয়না লুট
চেতনানাশক ওষুধ খাইয়ে একটি পরিবারের তিন সদস্যকে অচেতন করে সোনার গয়নাসহ দেড় লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছেন এক প্রতারক। মঙ্গলবার রাতে সাতক্ষীরার আশাশুনি উপজেলার তুয়ারডাঙা গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্য জাকির ইকবাল জানান, সোমবার রাত নয়টার দিকে এক ব্যক্তি নিজেকে দেবহাটা উপজেলার নোড়ারচক গ্রামের হীরন রহমান পরিচয়ে তাঁদের বাড়িতে আসেন। খুলনার পাইকগাছা উপজেলার জায়গীরমহল থেকে আসতে রাত হওয়ায় তিনি বাড়ি ফিরতে সমস্যায় পড়বেন বলে আশ্রয় চান। রাতে তাঁকে থাকতে দেওয়া হয়। পরদিন মঙ্গলবার সকালে তিনি পাশের কাপষণ্ডা বাজারে যাওয়ার কথা বলে একটি কাপড়ের পোঁটলার মধ্যে কয়েকটি সোনার গয়না রয়েছে বলে রেখে যান। বেলা ১১টার দিকে তিনি তিন কেজি মুরগির মাংসসহ বিভিন্ন জিনিসপত্র কিনে বাড়ি আনেন এবং রান্না করতে বলেন। এরই মধ্যে তিনি নিজেকে সেনাসদস্য পরিচয় দিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আন্তরিকতা গড়ে তোলেন। জাকির জানান, ওই রাতে তিনি চিংড়িঘেরের বাসায় অবস্থান করেন। এ সুযোগে হীরন রহমান তাঁর মা জাহানারা খাতুন (৪৫), বাবা রেজাউল করিম (৫০) ও বোন রোজিনা খাতুনকে (২৫) খাবারের সঙ্গে চেতনানাশক খাইয়ে অজ্ঞান করে ফেলেন। এরপর আলমারি থেকে সোনার চেইন ও আংটি, দুটি মুঠোফোন, ২৫ হাজার টাকাসহ দেড় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যান। বাড়ি ফিরে তিনি সবাইকে অচেতন অবস্থায় দেখতে পান এবং পরে ক্লিনিকে ভর্তি করেন। খাজরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুস সাত্তার জানান, দেবহাটা উপজেলার মিজানুর রহমান নামের এক ব্যক্তি হীরন রহমান সেজে প্রতারণা করেছে বলে তিনি জানতে পেরেছেন।