চেনা-অচেনা ফলের বাহারি আয়োজন

মৌসুম ছাড়াই বছরের প্রায় পুরোটা সময়জুড়ে পাওয়া যাবে রকমারি জাত আর বাহারি নামের সুস্বাদু সব আম। রোপণের তিন বছরের মধ্যেই গাছে ধরবে বেশি শাঁসযুক্ত আর পানিসমৃদ্ধ নারকেল। পরিকল্পিত চাষাবাদে বাড়ির আঙিনা কিংবা ছাদেই ফলবে পুষ্টিগুণের আধার নানা জাতের দেশি ফল। এমন চেনা-অচেনা ও দেশি-বিদেশি ফলের বাহারি আয়োজন নিয়ে রাজধানীর ফার্মগেটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে শুরু হয়েছে জাতীয় ফল প্রদর্শনী ২০১৬।
গতকাল বৃহস্পতিবার সকালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এই প্রদর্শনী ও ফলদ বৃক্ষরোপণ পক্ষের উদ্বোধন করেন। সর্বসাধারণের জন্য উন্মুক্ত এই প্রদর্শনী চলবে ১৮ জুন পর্যন্ত। আর ৩০ জুন পর্যন্ত চলবে বৃক্ষরোপণ পক্ষ।
ফলদ বৃক্ষরোপণ পক্ষের এ বছরের প্রতিপাদ্য ‘অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশি ফল বেশি খান’। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মিল্কী মিলনায়তন চত্বরে আয়োজিত প্রদর্শনীতে ঢুকতেই চোখে পড়বে জাম, জামরুল, পেয়ারা, সফেদা, লটকনসহ বিভিন্ন ফল দিয়ে তৈরি তোরণ। চত্বরের আরও ভেতরে তৈরি করা হয়েছে ফলের পিরামিড। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং কৃষি উন্নয়ন করপোরেশন ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের ৩০টির বেশি স্টল বসেছে এই প্রদর্শনীতে।
প্রদর্শনীর স্টলে দায়িত্বরত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, অধিদপ্তর সারা বছর বিভিন্ন ফলের নতুন নতুন জাত উদ্ভাবন করে। সাধারণ মানুষকে এসব ফলের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই প্রদর্শনী একটা বড় সুযোগ।
প্রদর্শনীতে ঢুকতেই আমের স্টলগুলো ঘিরে আমজনতার ভিড় বেশি দেখা গেল। তাঁদের অনেকেই বললেন, গৌড়মতী, কোহিতুর, কালাপাহাড়, সুবর্ণরেখা কিংবা সীতাভোগের মতো অপ্রচলিত জাতের আম চোখে দেখা দূরে থাক, নামও শোনেননি পর্যন্ত।
প্রদর্শনীতে অঞ্চলভেদে বিভিন্ন ফলের আলাদা স্টল রয়েছে। যেমন পাহাড়ি অঞ্চলের ফল, উত্তরাঞ্চলের ফল, উপকূলীয় অঞ্চলের ফল, ভাওয়াল ও মধুপুর গড় অঞ্চলের ফল। বিভিন্ন দেশি ফলের মধ্যে আছে করমচা, কাউফল, অড়বরই, বেতফল, ডেউয়া, খেজুর, আমলকী, আঁশফল, বিলাতি গাব এবং হনুমানজটা, অগ্নিশ্বরসহ বিভিন্ন জাতের কলা।
তবে এদিন সকালেই বৃক্ষরোপণ পক্ষ উদ্যাপন উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘পুষ্টি ও অর্থনৈতিক নিরাপত্তায় দেশজ ফলের অবদান’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করে কৃষি মন্ত্রণালয়। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মাহ্বুবর রহমান। তিনি তাঁর প্রবন্ধে বলেন, বাংলাদেশের মোট চাষযোগ্য জমির মধ্যে ফলের আওতায় আছে মাত্র ১ থেকে ২ শতাংশ জমি। অথচ দেশের জাতীয় অর্থনীতিতে মোট ফসলভিত্তিক আয়ের ১০ শতাংশই আসে ফল থেকে।
কৃষি মন্ত্রণালয়ের সচিব মঈনউদ্দীন আবদুল্লাহর সভাপতিত্বে সেমিনারে বাণিজ্যমন্ত্রী ও কৃষিমন্ত্রী ছাড়াও কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. মকবুল হোসেন, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম আজাদ বক্তব্য দেন।
বক্তারা বাণিজ্যিকভাবে ফলদ বৃক্ষ আবাদ এবং বাগান তৈরির পাশাপাশি এর বাজারজাত ও প্রক্রিয়াজাত ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন।