চেনা প্রতীক চান কাউন্সিলর প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয়ভাবে নির্বাচন হওয়ায় মেয়র প্রার্থীদের প্রতীক নিয়ে এবার কারও কোনো মাথাব্যথা নেই। কিন্তু সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের জন্য যেসব প্রতীক নির্দিষ্ট করা হয়েছে, তা নিয়ে হতাশা প্রকাশ করেছেন অনেক প্রার্থী।
বগুড়ার শিবগঞ্জ পৌরসভার কয়েকজন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বলেছেন, মেয়র নির্বাচনের মতো তাঁদেরও দলীয়ভাবে মনোনয়ন দিলে ভালো হতো। কাউন্সিলদের যেসব প্রতীক দেওয়া হয়েছে তা মেয়র প্রার্থীদের প্রতিষ্ঠিত প্রতীকের পাশে বড়ই বেমানান। ভোটারদের কাছে চেনা প্রতীকগুলোই তাঁদের জন্য নির্দিষ্ট করা উচিত ছিল। নির্বাচন কমিশনের বাছাই করা প্রতীকগুলোর মধ্যে হাতে গোনা কয়েকটি প্রতীক তাঁদের পছন্দ হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার সাধারণ কাউন্সিলর প্রার্থীদের জন্য চূড়ান্ত করা প্রতীকগুলো হচ্ছে উটপাখি, গাজর, টিউবলাইট, টেবিল ল্যাম্প, ডালিম, ঢ্যাঁড়স, পাঞ্জাবি, পানির বোতল, ফাইল কেবিনেট, ব্রিজ, ব্ল্যাকবোর্ড ও স্ক্রু ড্রাইভার। আর সংরক্ষিত নারী কাউন্সিলরদের জন্য চূড়ান্ত করা প্রতীকগুলো হলো আঙুর, কাঁচি, গ্যাসের চুলা, চকলেট, চুরি, পুতুল, ফ্রক, ভ্যানিটি ব্যাগ, মৌমাছি ও হারমোনিয়াম।
শিবগঞ্জের অন্তত ১২ জন কাউন্সিলর প্রার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, সাধারণ কাউন্সিলর প্রার্থীদের সবচেয়ে পছন্দ ‘উটপাখি’ প্রতীক। এরপরই রয়েছে ‘ব্রিজ’। আর সংরক্ষিত নারী কাউন্সিলরদের কাছে সবচেয়ে বেশি পছন্দ ‘ভ্যানিটি ব্যাগ’ প্রতীক। তাঁদের দ্বিতীয় পছন্দ ‘গ্যাসের চুলা’।
পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী শাহিনুর প্রামাণিক বলেন, ‘কাউন্সিলরদের জন্য তেমন ভালো প্রতীক নেই। যা রয়েছে তার মধ্যে উটপাখি আমার পছন্দ। এটা মানুষের কাছে বেশি পরিচিত। ভোটাররা এই প্রতীক সহজে মনে রাখতে পারেন। আশা করি আমি ওই প্রতীক পাব।’
উটপাখি প্রতীক পছন্দ একই ওয়ার্ডের অপর কাউন্সিলর প্রার্থী রেজ্জাকুর রহমান ও মফিজ উদ্দিনেরও।
২ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য এক প্রার্থীর প্রথম পছন্দ ‘ব্রিজ’ প্রতীক। এ বিষয়ে তিনি বলেন, ‘এটা সবার পরিচিত প্রতীক। তা ছাড়া ভোটারদের বোঝাতে চাইছি আমাকে জেতালে এলাকার প্রধান সমস্যা অর্জুনপুর ঘাটে একটি ব্রিজ করবই।’
একই ওয়ার্ডে একাধিক প্রার্থী একই প্রতীক দাবি করলে কী হবে, জানতে চাইলে শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জাকির হোসেন প্রথম আলোকে বলেন, সে ক্ষেত্রে লটারির মাধ্যমে প্রতীক বণ্টন করা হবে।