চেনা রাস্তার অচেনা দৃশ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল সাড়ে আটটা। গতকাল রোববার। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার পদুয়া তেওয়ারীহাট এলাকায় সুনসান নীরবতা। চলছে না সিএনজিচালিত অটোরিকশা, টমটমসহ অন্যান্য গাড়ি। যে সড়কে সব সময় যানজট লেগে থাকে, সেখানে মাঝেমধ্যে গুটি কয়েক দূরপাল্লার বাস, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়ির দেখা মিলছে। দায়িত্বরত পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞেস করতেই বললেন, মন্ত্রী আসছেন। তাই মহাসড়কে অটোরিকশা, পুরোনো গাড়ি চলাচল বন্ধ রয়েছে। প্রতিটি মোড়ে ছিল পুলিশের তৎপরতা।
সকাল নয়টায় যোগাযোগমন্ত্রী লোহাগাড়া অতিক্রম করেন। হঠাৎ রাস্তার চেনা রূপ ফিরে আসে। পদুয়া তেওয়ারীহাট এলাকায় কথা হয় কলেজের শিক্ষার্থী শারমীন আক্তারের সঙ্গে। তিনি বলেন, অটোরিকশা একদিন চলবে অন্যদিন চলবে না, তা তো হতে পারে না।
লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির সভাপতি মামুনর রশিদ বলেন, অটোরিকশার কারণে লোহাগাড়ায় সব সময় যানজট লেগে থাকে। মহাসড়কে অটোরিকশা না থাকায় দুর্ঘটনা, যানজট কমেছে। কিন্তু গণপরিবহন না বাড়ায় মানুষের দুর্ভোগ বেড়েছে।
এ ব্যাপারে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান বলেন, পুলিশ সব সময় তৎপর থাকে মহাসড়কে অটোরিকশা বন্ধ রাখতে।