
কর্মদিবসে তো বটেই, অন্যান্য দিনেও যানজটের ভোগান্তি। গণপরিবহনের জন্য দীর্ঘ অপেক্ষা। গাড়ি আসার পর হুড়োহুড়ি করে ওঠা—এটাই রাজধানীর চেনা রূপ। তবে গত কয়েক দিন রাজধানীর চিত্র ছিল ভিন্ন। রাস্তাঘাটে গাড়ির চাপ ছিল কম। গতকাল রোববার রাজধানীকে দেখা গেছে চেনা রূপে। সড়কে সড়কে ছিল যানজট, বিকেলের পর পরিস্থিতি ছিল অসহনীয়।
ট্রাফিক পুলিশের সদস্যরা বলছেন, ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরেছেন কর্মজীবী মানুষ। এ কারণে সড়কে গাড়ির চাপ বেড়েছে। এতে সৃষ্টি হয় যানজটের। এর মধ্যে বৃষ্টিতে কিছু সড়কে জলাবদ্ধতা দেখা দেওয়ায় যানজট অসহনীয় পর্যায়ে চলে যায়।
গতকাল সন্ধ্যায় কথা হয় সার্ক ফোয়ারার পাশে যানজটে আটকে থাকা সিএনজিচালিত অটোরিকশার যাত্রী কবির হোসেনের সঙ্গে। তিনি বলেন, তিনি বাড্ডা যাবেন। বিকেলে ধানমন্ডি থেকে অটোরিকশায় উঠেছেন। সন্ধ্যা সাড়ে ছয়টায় তিনি এখানে পৌঁছেন। তিনি বলেন, ‘রাসেল স্কয়ার থেকে সোনারগাঁও মোড় পর্যন্ত তীব্র যানজট। ১০ মিনিটের পথ আসতে লেগেছে দেড় ঘণ্টা। গন্তব্যে কখন পৌঁছতে পারব, জানি না।’
গতকাল কবির হোসেনের মতোই যানজটের ভোগান্তি পোহাতে হয়েছে হাজারো নগরবাসীকে। আবার যানজটের কারণে সময়মতো যানবাহন না পেয়ে বিভিন্ন সড়কের মোড়ে অপেক্ষা করতে দেখা গেছে অফিসফেরত মানুষকে। সোনারগাঁও মোড়ে অপেক্ষারত রিফাত হোসেন বলেন, পান্থপথে একটি বেসরকারি প্রতিষ্ঠানে তিনি কাজ করেন। বাসা খিলক্ষেতে। যানজটের কারণে হেঁটে তিনি পান্থপথ থেকে সোনারগাঁও মোড় পর্যন্ত এসেছেন। প্রায় ২০ মিনিট অপেক্ষা করেও খিলক্ষেত যাওয়ার বাস পাননি। মাঝে একটি বাস এলেও ভিড়ের কারণে তিনি উঠতে পারেননি।
পুরান ঢাকা থেকে কারওয়ান বাজার আসা এক ব্যক্তি বলেন, দুপুরে বৃষ্টি শেষ হওয়ার পর তিনি রওনা দিয়েছিলেন। ভিক্টোরিয়া পার্ক থেকে গুলিস্তান পর্যন্ত আসতেই এক ঘণ্টা লেগেছে। গুলিস্তান থেকে শাহবাগ পর্যন্ত তেমন যানজট ছিল না। কিন্তু শাহবাগ থেকে বাংলামোটর পর্যন্ত সড়কের দুই পাশেই থেমে ছিল যানবাহন।
জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (ট্রাফিক-পূর্ব) নাজমুন্নাহার বলেন, সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক ছিল। দুপুরে বৃষ্টির পর বিভিন্ন সড়কে পানি জমে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়।
সোনারগাঁও মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্য মো. নাছির উদ্দিন বলেন, সন্ধ্যায় যানজট পরিস্থিতি অস্বাভাবিক আকার ধারণ করে। ১৫ থেকে ২০ মিনিট পরপর গাড়ি ছাড়তে হয়। তিনি আরও বলেন, ঈদের পর গতকালই এমন যানজট দেখা গেছে। বৃষ্টির পর সড়কে যানবাহনের সংখ্যা বৃদ্ধি, অফিস ছুটি ও কিছু সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় যানজট তীব্র আকার ধারণ করে।
আবহাওয়া অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রাজধানীতে ৫৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
সরেজমিনে ও বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, বৃষ্টিতে পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোড, নাজিরা বাজার, নাজিমউদ্দিন রোড, সিদ্দিক বাজার, আগামাসি লেন এবং জিগাতলা, ধানমন্ডি ২৭ নম্বর সড়ক, আসাদ গেটের দক্ষিণ পাশে মিরপুর রোডের একাংশ, মানিক মিয়া অ্যাভিনিউ, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ (তেজকুনীপাড়ার পাশে), বসুন্ধরা শপিং মলের পেছনের রাস্তাসহ বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এসব সড়কে বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
জলাবদ্ধ সড়ক পার হতেও ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। বসুন্ধরা শপিং মলের পেছনের জলাবদ্ধ সড়ক পার হয়ে আসা এক নারী বলেন, সড়কে হাঁটু পর্যন্ত নোংরা পানি। হেঁটে পার হওয়ার জো নেই। বাধ্য হয়ে রিকশায় আসতে হয়েছে। রিকশায় ১৫-২০ হাত সড়ক পার হতে ভাড়া দিতে হয়েছে ২০ টাকা।