চেনা শহরের অচেনা ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোগল রাজধানী ঢাকার কোনো ছবি নেই। সে কালের হাতেগোনা যে কয়েকটি দালান-কোঠা জরাজীর্ণ হয়ে কোনোমতে এখনো টিকে আছে, তা দেখে অনুমান করার উপায় নেই তখন কেমন ছিল এই শহরের দৃশ্যপট। হারিয়ে যাওয়া ঢাকার নির্ভরযোগ্য ছবি পেতে হলে পেরিয়ে আসতে হবে আরও অনেকটা সময়। তত দিনে মোগল শাসনের অবসান ঘটে গেছে। ঢাকা তখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনাধীনে।কোম্পানির আমলে যেসব ব্রিটিশ কর্মকর্তা এখানে এসেছিলেন প্রশাসনিক কাজে, তাঁদের অনেকে এঁকেছিলেন ঢাকার ছবি। প্রশাসনিক কাজের প্রামাণ্য উপাত্ত হিসেবে ছবি আঁকার প্রয়োজন হয়েছিল। আবার অনেকে এঁকেছেন শখের বশে। সেসব ছবি এখন ঢাকার ইতিহাস ও সংস্কৃতির প্রামাণ্য নিদর্শন হয়ে আছে।এমন কিছু ছবির ডিজিটাল প্রিন্ট নিয়ে গতকাল ধানমন্ডির গ্যালারি চিত্রকে (সড়ক ৬, বাড়ি ৪) শুরু হলো ‘শিল্পীর চোখে ঢাকা-১৭৮৯-১৯৪৭’ শীর্ষক প্রদর্শনী। এই নামে একটি বই প্রকাশিত হয়েছে এবার অমর একুশে বইমেলায় প্রথমা প্রকাশন থেকে। শামীম আমিনুর রহমানের সংকলিত এই বইতে রয়েছে নাম জানা ও অজানা প্রায় ১৫ শিল্পীর শতাধিক ছবি। সেখান থেকে ৫০টি নিয়ে আয়োজন করা হয়েছে পাঁচ দিনের এই প্রদর্শনী। গতকাল শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রদর্শনীটি চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে সহায়তা করেছে গ্রামীণফোন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ এ প্রদর্শনী ও সংশ্লিষ্ট বইটির প্রকাশনার প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ২০১০ সালে রাজধানী হিসেবে ঢাকার ৪০০ বছর পূর্তি উপলক্ষে প্রথম আলো গ্রামীণফোনের সহায়তায় বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনা করেছে। এরই অংশ হিসেবে ঢাকার ঐতিহাসিক ছবিগুলো নিয়ে শিল্পীর চোখে ঢাকা-১৭৮৯-১৯৪৭ নামের গ্রন্থটি প্রকাশ করা হয়েছে।আলোচক ইতিহাসবিদ সিরাজুল ইসলাম বলেন, ঢাকার কোম্পানি আমলে যে চিত্র পাওয়া যায়, সেখানে সাধারণ মানুষের ছবি আছে। এ ছবি ঢাকার সাংস্কৃতিক ইতিহাসের প্রামাণ্য উপাদান।শিল্পী কাইয়ুম চৌধুরী বলেন, এই শহর নিয়ে যাঁরা ভবিষ্যতে গবেষণা করবেন, ছবিগুলো তাঁদের কাজে লাগবে। শামীম আমিনুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে নানা উৎস থেকে এসব ছবি সংগ্রহ করা হয়েছে।গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা কাজী মনিরুল কবির বলেন, ঢাকার ৪০০ বছর নিয়ে প্রথম আলোর কর্মসূচির প্রতি আগ্রহের সঙ্গেই গ্রামীণফোন অংশ নিয়েছে। গ্রামীণফোনও বিশ্বাস করে, সামনে এগিয়ে যাওয়ার জন্য পেছনের দিকে তাকাতে হয়।প্রদর্শনীতে আছে রবার্ট হোমের ১৭৯৯ সালে আঁকা লালবাগ দুর্গ, ফ্রেডেরিক উইলিয়াম আলেক্সান্ডার ফেবেকের ১৮৮১ সালে আঁকা বুড়িগঙ্গা, নিমতলী প্রাসাদ, মোলসওয়ার্থের আঁকা মিরপুর। সেখানে বিশাল নদীর তীরে নোঙর করে আছে মালবাহী নৌকার সারি। আছে আর্থার লয়েড ক্লের আঁকা হাতি নিয়ে সাহেবদের শিকারের দৃশ্য। জোসেফ স্টুট ফিলিপসের আঁকা বুড়িগঙ্গার পাড় দিয়ে শণের কুঁড়েঘরের সারি।