চেনারূপে চট্টগ্রাম নগর
তৃতীয় শ্রেণীতে পড়ুয়া সন্তানের পরীক্ষা শেষে বাসায় ফেরার পথে দীর্ঘ যানজটের কবলে পড়েছিলেন চট্টগ্রাম নগরের মুরাদপুরের বাসিন্দা তানজিনা আকতার। অন্য সময় যানজটে চরম বিরক্ত হতেন তিনি। কিন্তু গতকাল শুক্রবার প্রিয় নগরকে চেনারূপে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনি।
তানজিনা আকতার বলেন, অবরোধের সময় মেয়ের পরীক্ষার জন্য বাসা থেকে বের হতে হয়েছিল। কিন্তু তখন সারাক্ষণই শঙ্কার মধ্যে থাকতাম। অনেক দিন পর ভয় ছাড়া রাস্তায় বের হলাম।
টানা ছয় দিনের অবরোধ শেষে গতকাল নগরবাসী পেয়েছে শঙ্কাহীন একটি দিন। গতকাল সবাই চেষ্টা করেছে জরুরি কাজ সেরে নিতে। তাই অন্য সময়ে শুক্রবার রাস্তাঘাট ফাঁকা থাকলেও গতকাল ছিল ব্যতিক্রম।
গতকাল সবগুলো ব্যাংক খোলা ছিল। টাকা পাওয়া গেছে নগরের এটিএম বুথগুলোতেও। সামনের অনিশ্চিত পরিস্থিতিকে সামনে রেখে গ্রাহকেরা প্রয়োজনীয় টাকা উত্তোলন করেছেন বলে জানালেন ব্যাংক কর্মকর্তারা। ডাচ্-বাংলা ব্যাংকের সিডিএ এভিনিউ শাখার উপব্যবস্থাপক ওয়াহিদ খান জানান, চট্টগ্রাম নগরে তাঁদের শতাধিক বুথে পর্যাপ্ত টাকা সরবরাহ করা হয়েছে।
গতকাল নগরের সবগুলো বিপণিবিতান খোলা ছিল। যদিও বিক্রি নিয়ে হতাশা ছিল বিক্রেতাদের মধ্যে। একটি অভিজাত বিপণিবিতানের শাড়ির দোকানের মালিক নুরুল হক বলেন, এক দিনে সারা সপ্তাহের ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব নয়। বিক্রির অবস্থা এতই খারাপ যে মাস শেষে দোকান ভাড়াও ওঠে না।
গতকাল নগরের কাঁচাবাজারগুলোতেও ছিল উপচে পড়া ভিড়। চাহিদা বেশি থাকার সুযোগে দোকানিরা দাম বেশি হাঁকাচ্ছেন বলে অভিযোগ করেন কোনো কোনো ক্রেতা। তবে মাছ ও সবজি বিক্রেতারা এসব অভিযোগ অস্বীকার করেন। সরবরাহ পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় তাঁদেরও বেশি দামে পণ্য কিনতে হয়েছে বলে জানান একজন বিক্রেতা।
তবে নগরের বিনোদনকেন্দ্রগুলো তুলনামূলক ফাঁকা দেখা গেছে। ফয়’স লেক কনকর্ড অ্যামিউজমেন্ট পার্কের সহকারী ব্যবস্থাপক বিশ্বজিৎ ঘোষ বলেন, অন্যান্য বছর এ সময় পার্কে উপচে পড়া ভিড় থাকলেও রাজনৈতিক পরিস্থিতির কারণে এবার দর্শনার্থীর সংখ্যা খুবই কম। এ ছাড়া বেশির ভাগ স্কুলের পরীক্ষা শেষ না হওয়াটাও এর একটি কারণ।