চেন্নাই থেকে ফিরলেন ১৬৬, লন্ডনে গেলেন ১৭১

করোনাভাইরাসের কারণে লকডাউনের ফলে ভারতে আটকে পড়া আরও ১৬৬ জন বাংলাদেশি আজ শনিবার দুপুরে ইউ-এস বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে চেন্নাই থেকে ঢাকায় ফিরেছেন। এ নিয়ে ভারতে আটকে পড়া মোট ৯৯৬ জন বাংলাদেশি ৬টি বিশেষ ফ্লাইটে চেন্নাই ও দিল্লি থেকে ঢাকায় ফিরলেন।
আজ দিল্লি থেকে বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চেন্নাই থেকে ৫টি ফ্লাইটে ১৯ শিশুসহ ৮৩৩ জন এবং দিল্লি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ১ শিশুসহ মোট ১৬৩ জন বাংলাদেশি ঢাকায় ফিরেছেন। ঢাকায় ফিরে আসা বাংলাদেশের যাত্রীদের উল্লেখযোগ্য অংশই হচ্ছেন ভারতে চিকিৎসার জন্য যাওয়া রোগী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আকাশপথের পাশাপাশি কলকাতা, গুয়াহাটি ও আগরতলার বাংলাদেশ মিশনগুলোর সহযোগিতায় স্থলপথে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি দেশে ফিরেছেন। ভারত সরকারের অনুমোদন নিয়ে সীমান্তবর্তী রাজ্যগুলো থেকে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে। যেসব বাংলাদেশি এখনো ভারতে রয়েছেন, তাঁদের দেশে পাঠাতে বাংলাদেশ হাইকমিশন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অনুমোদন পাওয়া গেলে প্রয়োজনীয় তথ্য যথাসময়ে হাইকমিশনের ওয়েবসাইট, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।
এদিকে ঢাকায় যুক্তরাজ্য হাইকমিশন জানিয়েছে, ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে গতকাল দুপুরে যুক্তরাজ্যের আরও ১৭১ জন নাগরিক লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়ে গেছেন। ঢাকায় যুক্তরাজ্য হাইকমিশনের উদ্যোগে ৮৫০ নাগরিককে দেশে ফিরিয়ে নেওয়ার অংশ হিসেবে এদিন তৃতীয় ফ্লাইটে তাঁদের লন্ডন নেওয়া হলো। শেষ ফ্লাইটটি আগামীকাল রোববার ঢাকা থেকে যুক্তরাজ্যের আরও কিছু নাগরিককে লন্ডন নিয়ে যাবে।