বেইলি সেতু দেবে বান্দরবান-চন্দ্রঘোনা-রাঙামাটি সড়কে সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। গত শুক্রবার রাতে প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলে সড়কের বান্দরবান সদর এলাকা অংশের চেমিখালের ওপর নির্মিত বেইলি সেতু দেবে যায়। ঝুঁকি এড়াতে গতকাল শনিবার সকাল থেকে সেতুর ওপর যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
তবে দেবে যাওয়া সেতুর দুই দিকে যাত্রী বদল করে যানবাহন চলছে বলে বান্দরবান পরিবহন শ্রমিক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মিলন দাশ জানান।
সেতু এলাকা চেমিডলুপাড়ার বাসিন্দা পাইহ্লা অং মারমা বলেন, শুক্রবার রাতে এক ঘণ্টার মতো প্রবল বৃষ্টি এবং পাহাড় থেকে প্রবল বেগে নেমে আসা ঢলের তোড়ে চেমিখালের সেতুর পশ্চিম অংশের মাটি সরে যায়। এতে সেতুটি সড়কের মূল অংশ থেকে কিছুটা সরে গেছে।
ওই সড়কের সংস্কারকাজে নিয়োজিত সেনাবাহিনীর প্রকৌশল নির্মাণ ব্যাটালিয়নের (ইসিবি) মেজর মাহবুবুল আলম গতকাল প্রথম আলোকে বলেন, রোববারের মধ্যে দেবে যাওয়া সেতু দ্রুত মেরামত করে যানবাহন চলাচলের উপযোগী করা হবে।
সেতুটি দেবে যাওয়ায় বান্দরবানের সঙ্গে বাঙ্গালহালিয়, চন্দ্রঘোনা ও রাঙামাটির সরাসরি যোগাযোগ বন্ধ হলেও বাস সেতুর দুই পাশে চলাচল করছে। এতে কিছুটা সমস্যা হলেও যাত্রী পরিবহন স্বাভাবিক রয়েছে বলে শ্রমিক নেতারা জানান।