চট্টগ্রাম চেম্বারের দ্বিবার্ষিক নির্বাচনে চট্টগ্রাম চেম্বার পরিষদ নিরঙ্কুশ বিজয় পেয়েছে। গতকাল মঙ্গলবার চেম্বার মিলনায়তনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে অনিয়মের অভিযোগ এনে চট্টগ্রাম ব্যবসায়ী পরিষদ নির্বাচন বর্জন করেছে। তবে চেম্বার পরিষদের নেতারা দাবি করেন, পরাজয় নিশ্চিত জেনে ব্যবসায়ী পরিষদের নেতারা নির্বাচন বর্জনের ঘোষণা দেন।গতকাল অনুষ্ঠিত নির্বাচনে ১৮টি পদেই চট্টগ্রাম চেম্বার পরিষদের প্রার্থীরা জয়ী হন। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছয়জন পরিচালক নির্বাচিত হন। এর মধ্যে পাঁচজনই চেম্বার পরিষদের। অর্থাৎ পরিচালকের ২৪টি পদে চট্টগ্রাম চেম্বার পরিষদের ২৩ জন বিজয়ী হয়েছেন। নির্বাচন বোর্ডের সদস্য আহসানুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, নির্বাচনে ভোটারের সংখ্যা ছয় হাজার ৬১২ জন। ভোট পড়েছে প্রায় ৫৫ শতাংশ।এর আগে গতকাল সকালে ভোটগ্রহণে অনিয়মের অভিযোগ তুলে চট্টগ্রাম ব্যবসায়ী পরিষদ নির্বাচন বর্জন করে। এ পরিষদের নেতৃত্ব দিচ্ছেন চেম্বারের সাবেক সভাপতি সাইফুজ্জামান চৌধুরী। নির্বাচন বর্জন করলেও এই পরিষদের প্রার্থীদের ভোট দিয়েছেন ভোটাররা। ফলাফলে তাঁদের প্রার্থীরা ভোটও পেয়েছেন বলে দেখা যায়।গতকাল সকালে চট্টগ্রাম চেম্বার ভবনে গিয়ে দেখা যায়, চেম্বার পরিষদের নেতারা ভোটারদের প্রার্থীর পরিচিতিপত্র বিলি করছেন। দুপুর একটায়ও ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। অন্যদিকে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে ব্যবসায়ী পরিষদের নেতারা পাশের আখতারুজ্জামান সেন্টারে বৈঠকে বসেন।নির্বাচন বর্জনের কারণ ব্যাখ্যা করে পরে ব্যবসায়ী পরিষদের সভাপতি সাইফুজ্জামান গতকাল দুপুরে প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে করেন। এতে তিনি অভিযোগ করেন, ‘মনোনীত প্রতিনিধি বা প্রক্সি ভোট দেওয়া যাবে না বলে আদালতের এক আদেশে বলা হয়েছে। অথচ আদালতের আদেশ অমান্য করে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ কারণে আমরা আইনজীবীর সঙ্গে আলোচনা করে আইনি পদক্ষেপ নিচ্ছি।’ অন্যদিকে চেম্বার পরিষদে নেতৃত্ব দেন বর্তমান সভাপতি ও সাংসদ এম এ লতিফ। ব্যবসায়ী পরিষদের নির্বাচন বর্জনের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম চেম্বার পরিষদের প্রধান সমন্বয়কারী ও চেম্বার সভাপতি এম এ লতিফ প্রথম আলোকে বলেন, পরাজয় জেনে ব্যবসায়ী পরিষদ নির্বাচন বর্জন করেছে। কিন্তু ভোটাররা নির্বাচন বর্জন করেননি। ভোট দেওয়ার জন্য তাঁদের দীর্ঘ লাইনই সেই প্রমাণ দিচ্ছে। নিয়মানুযায়ী প্রতিষ্ঠানের মনোনীত প্রতিনিধিরাই ভোট দিয়ে থাকেন বলে তিনি জানান। চট্টগ্রাম চেম্বার থেকে পাঠানো নির্বাচন বোর্ডের সদস্যদের সই করা এক বিজ্ঞপ্তিতে নির্বাচিত পরিচালকদের নাম ও প্রাপ্ত ভোটের পরিমাণ পাঠানো হয়। ‘অ্যাসোসিয়েট গ্রুপ’ থেকে নির্বাচিতরা হলেন মাহবুব আলম, সৈয়দ ছগীর আহমদ, এস এম মাহবুবুল ইসলাম, মাহফুজুল হক শাহ, জহিরুল ইসলাম চৌধুরী ও ওহিদ সিরাজ চৌধুরী। ‘অর্ডিনারি গ্রুপ’ থেকে নির্বাচিতরা হলেন এম এ ছালাম, নুরুন নেওয়াজ, আশিক ভূঁইয়া, শাহীন আলম, আবদুল্লাহ আল হাসান, মাজহারুল ইসলাম চৌধুরী, এমদাদুল হক চৌধুরী, ক্যাপ্টেন শফি চৌধুরী, মো. হাবিবুল হক, শেখ মাহফুজ হামিদ, জাহিদ হোসেন মিয়া ও মোরশেদ আরিফ চৌধুরী। নির্বাচিত পরিচালকেরা সবাই চেম্বার পরিষদের প্রার্থী।এর আগে ‘টাউন অ্যাসোসিয়েশন’ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালকেরা হলেন আবছার হাসান চৌধুরী, মো. জহুরুল আলম ও ওমর ফারুক। ‘ট্রেড গ্রুপ’ থেকে নির্বাচিত পরিচালকেরা হলেন আরশাদুল আলম, মোরশেদ মুরাদ ইব্রাহিম ও সৈয়দ জামাল আহমেদ। সৈয়দ জামাল হলেন ব্যবসায়ী পরিষদের। নির্বাচন বর্জন করায় পরিচালক পদ থেকে পদত্যাগ করবেন কি না জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ব্যবসায়ী পরিষদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে সব।