চেম্বার বন্ধ রেখে চিকিত্সক ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষজ্ঞ চিকিত্সকের ওপর হামলার অভিযোগে আলী হায়দার কামাল নামে এক ছাত্রকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। আদালতে সোপর্দ করার পর গতকাল সোমবার তাঁর জামিন মঞ্জুর হয়। তবে ডিবি সূত্র গতকাল প্রথম আলোকে জানায়, জিজ্ঞাসাবাদে কামাল চিকিত্সককে প্রহারের কথা স্বীকার করেছেন।৯ মে একজন চিকিত্সক নিজ চেম্বারে ইডেন কলেজের একজন ছাত্রীকে যৌন হয়রানি করেন বলে অভিযোগ ওঠে। এ বিষয়ে ওই ছাত্রীর পক্ষে একটি মামলা হয়েছে ধানমন্ডি থানায়। অন্যদিকে চিকিত্সকের পক্ষে তাঁকে অপহরণ ও মারধর করার অভিযোগে মামলা হয়েছে। পুলিশ বলেছে, রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র আলী হায়দার কামালকে গ্রেপ্তার করা হয়। তিনি অভিযোগকারী ছাত্রীর খালাতো ভাই। গতকাল পুলিশ আলী হায়দারকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চায়। ছাত্রটির পক্ষে একজন আইনজীবী জামিনের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন। এদিকে গতকাল ঢাকায় চিকিত্সকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনসহ (বিএমএ) চিকিত্সকদের বিভিন্ন সংগঠন ধর্মঘট পালন করেছে। এ কারণে প্রায় সব বিশেষজ্ঞ চিকিত্সকের চেম্বার বন্ধ ছিল। চিকিত্সকের ওপর হামলার প্রতিবাদে চিকিত্সকদের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে চেম্বার বন্ধ রাখা হয়েছে বলে জানান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মেডিসিনের সভাপতি আবদুল জলিল। তিনি বলেন, প্রায় ৪০ বছর ধরে তিনি এই চিকিত্সককে চেনেন এবং তাঁর সম্মান রক্ষায় এ ধরনের কর্মসূচি নিতে হচ্ছে। এদিকে ছাত্রীটির বাবা প্রথম আলোকে বলেন, তাঁরা যে মামলা করেছেন সে ক্ষেত্রে কোনো অগ্রগতি নেই। বরং বিভিন্ন উপায়ে তাঁদের হয়রানি করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।