চেম্বারে রোগী দেখবেন না আন্দোলনরত চিকিৎসকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন সহকর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে আজ শনিবার দুপুরে মানববন্ধন ও সমাবেশে করেছেন চিকিৎসকেরা। মানববন্ধনে তাঁরা তাঁদের ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধের লাগাতার কর্মসূচি চলবে বলে জানান। ছবি: প্রথম আলো
তিন সহকর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে আজ শনিবার দুপুরে মানববন্ধন ও সমাবেশে করেছেন চিকিৎসকেরা। মানববন্ধনে তাঁরা তাঁদের ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধের লাগাতার কর্মসূচি চলবে বলে জানান। ছবি: প্রথম আলো

তিন সহকর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে আজ শনিবার দুপুরে মানববন্ধন ও সমাবেশে করেছেন চিকিৎসকেরা। মানববন্ধনে তাঁরা তাঁদের ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধের লাগাতার কর্মসূচি চলবে বলে জানান।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) দুপুর একটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই কর্মসূচি পালন করে। মানববন্ধনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক ও চিকিৎসকেরা অংশ নেন।
বক্তারা দাবি করেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের তিন চিকিৎসক মাহবুবুল আলম, শামীমা সিদ্দিকী রোজী ও রানা চৌধুরীর বিরুদ্ধে যে দুটি মামলা হয়েছে, সেগুলো মিথ্যা। অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানান তাঁরা। তাঁরা বলেন, বাংলাদেশে মাতৃমৃত্যুর হার এখনো শূন্যে আসেনি। তাই প্রসূতির মৃত্যু কোনো অস্বাভাবিক ঘটনা নয়। কিন্তু চিকিৎসকের অবহেলা ছিল বলে যে মামলা হয়েছে, তা কাম্য নয়। অবহেলা কিংবা ভুল চিকিৎসার অভিযোগ প্রমাণিত হওয়ার আগে চিকিৎসকদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না।
এ ছাড়া নগরের জেনারেল হাসপাতাল, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম (ইউএসটিসি), মা ও শিশু জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালের সামনে পৃথকভাবে মানববন্ধন করেছেন চিকিৎসকেরা।
গত মঙ্গলবার আদালতে এই তিন চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগে দুটি পৃথক মামলা হয়েছে। মামলার পরদিন বুধবার থেকে চিকিৎসকেরা মামলা প্রত্যাহারের দাবিতে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা এবং বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি বন্ধের কর্মসূচি ঘোষণা করে।

এদিকে, কর্মসূচির চতুর্থ দিনে আজ সকাল থেকে বিভিন্ন বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি বন্ধ রয়েছে। এ কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ কিছুটা বেড়েছে। এ বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শহিদুল গনি বলেন, ‘হাসপাতালে আজ দুই হাজার ৩৫০ জন রোগী রয়েছে। অন্যান্য স্বাভাবিক সময়ের চেয়ে শ খানেক বেশি ভর্তি হয়েছে। আর অস্ত্রোপচারও কিছুটা বেড়েছে। তবে এই সংখ্যা আরও বাড়লে আমরা চিকিৎসা দিতে সমস্যায় পড়ে যাব।’