চেম্বারে রোগী দেখা বন্ধে অনড় চিকিৎসকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিএমএ আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ। চট্টগ্রাম নগরের প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ছবি: সৌরভ দাশ
চট্টগ্রাম বিএমএ আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ। চট্টগ্রাম নগরের প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ছবি: সৌরভ দাশ

চট্টগ্রামে তিনজন সহকর্মীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত বেসরকারি হাসপাতাল ও ব্যক্তিগত চেম্বারে রোগী না দেখার সিদ্ধান্তে অনড় চিকিৎসকেরা। তাঁদের চলমান কর্মসূচির চতুর্থদিনে আজ শনিবার বিকেলে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেওয়া হয়।
এর আগে দুপুরে বিএমএর ডাকে নগরের বিভিন্ন হাসপাতালের সামনে চিকিৎসকেরা মানববন্ধন ও সমাবেশ করেন। এদিকে টানা চতুর্থদিনেও চিকিৎসকেরা তাঁদের কর্মসূচি চালিয়ে যাওয়ায় অবর্ণনীয় দুর্ভোগের শিকার হন রোগী ও স্বজনেরা।
চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চট্টগ্রাম শাখা শনিবার বিকেলে নগরের প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তাদের অবস্থান ব্যাখ্যা করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বিএমএ চট্টগ্রামের সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ। বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিএমএ চট্টগ্রামের সভাপতি মুজিবুল হক খান, জ্যেষ্ঠ চিকিৎসক ইমরান বিন ইউনুছ, বিএমএ যুগ্ম সম্পাদক ফয়সাল ইকবাল প্রমুখ।
মোহাম্মদ শরীফ বলেন, ‘চিকিৎসকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা বন্ধ রাখার পাশাপাশি বেসরকারি হাসপাতালে আমরা রোগী দেখব না।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি নিয়ে একটি সমঝোতার প্রক্রিয়াও চলছে। কে সমঝোতা করছে জানতে চাইলে বলেন, ‘আমরা মেয়রের সঙ্গে দেখা করেছি। কয়েকজন জ্যেষ্ঠ ব্যক্তি সমঝোতার চেষ্টা করছেন।’

সংবাদ সম্মেলনে সার্জিস্কোপে ১০ জানুয়ারি প্রসূতি মেহেরুন্নেছার মৃত্যুর ঘটনার ব্যাখ্যা দেওয়া হয়। এ ক্ষেত্রে অভিযুক্ত চিকিৎসকদের কোনো গাফিলতি ছিল না বলে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, বিএমএর দাবি হলো, বিশেষজ্ঞ কমিটির তদন্ত প্রতিবেদনের পূর্বে কোনো চিকিৎসকের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার বা হয়রানি করা যাবে না। সর্বস্তরের চিকিৎসকদের নাগরিক অধিকার ও ভাবমূর্তি সংরক্ষণে বিএমএ প্রতিজ্ঞাবদ্ধ।
এর আগে বেলা একটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিএমএর উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ হয়। সেখানে বক্তব্য দেন বিএমএ চট্টগ্রামের সভাপতি মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক মো. শরীফ প্রমুখ। বক্তারা দাবি করেন, চিকিৎসক মাহবুবুল আলম, শামীমা সিদ্দিকী রোজী ও রানা চৌধুরীর বিরুদ্ধে যে দুটি মামলা হয়েছে; সেগুলো সাজানো। অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানান তাঁরা।
এ ছাড়া নগরের জেনারেল হাসপাতাল, মা ও শিশু জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালের সামনে পৃথকভাবে মানববন্ধন করেন চিকিৎসকেরা।
ভোগান্তি: কর্মসূচির চতুর্থদিনে শনিবার সকাল থেকে বিভিন্ন বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি বন্ধ রয়েছে। এ কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ বেড়েছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শহিদুল গনি বলেন, এই হাসপাতালে আজ শনিবার দুই হাজার ৩৫০ জন রোগী আছেন। স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় শ খানেক বেশি রোগী ভর্তি হয়েছেন। আর অস্ত্রোপচারও কিছুটা বেড়েছে। তবে এই সংখ্যা আরও বাড়লে আমরা চিকিৎসা দিতে সমস্যায় পড়ে যাব। বহির্বিভাগেও রোগীর চাপ বেশি ছিল।
বহির্বিভাগে গিয়ে দেখা যায় রোগীর ভিড়। বেলা একটার দিকে চিকিৎসকেরা মানববন্ধনে যোগ দিলে অনেক রোগীকে ফিরে যেতে হয়। তাঁদের পরদিন আসতে বলা হয়। মানববন্ধন শেষে অবশ্য অনেক চিকিৎসক আবার কর্মস্থলে যোগ দেন।
দুই পায়ে ব্যথা পাওয়া দুলাল দে নামে মহেশখালী থেকে আসা এক রোগী বলেন, আমাকে ছয় সপ্তাহ পর দেখাতে বলেছিল। আজ (শনিবার) সকাল নয়টায় এসে দেখাতে দেখাতে বেলা একটা বেজে যায়। পরে এক্স-রে করিয়ে এসে দেখি দুইটা বেজে গেছে। তখন আমাকে আগামীকাল (আজ) আসতে বলা হয়।
একইভাবে নুরজাহান নামে এক রোগীও টিকিট কেটে গতকাল চিকিৎসক দেখাতে ব্যর্থ হন। তাঁকে আজ রোববার আবার যেতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার আদালতে তিন চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগে দুটি পৃথক মামলা হয়েছে। মামলার পরদিন বুধবার থেকে চিকিৎসকেরা মামলা প্রত্যাহারের দাবিতে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা এবং বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি বন্ধের কর্মসূচি ঘোষণা করে।