চেয়ারম্যান আত্মগোপনে নাগরিক সেবা বন্ধ করে দিলেন সচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জামায়াতের নেতা আবদুল আলী বেশ কিছুদিন থেকে তাঁর কার্যালয়ে আসছেন না। এ কারণে ১৩ জুন থেকে ইউপি কার্যালয়ের দেয়ালে নোটিশ টাঙিয়ে দিয়ে সব ধরনের নাগরিক সেবা বন্ধ ঘোষণা করেছেন পরিষদের সচিব শাহিনুর রহমান। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী।

নাম প্রকাশ না করার শর্তে ওই ইউপির এক সদস্য জানান, চেয়ারম্যান আবদুল আলী জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা শাখার শুরা সদস্য। দলের কেন্দ্রীয় নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর মহেশপুর উপজেলায় বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় জামায়াতের স্থানীয় অনেক নেতা গ্রেপ্তার হন। তার পর থেকে গ্রেপ্তারের আশঙ্কায় আবদুল আলী আত্মগোপনে রয়েছেন। এ অবস্থায় সচিব শাহিনুর রহমান নোটিশ দিয়ে পরিষদের সব কার্যক্রম বন্ধ করে দিয়েছেন। কিন্তু আইন অনুযায়ী সচিব এ কাজ করতে পারেন না। চেয়ারম্যান অনুপস্থিত থাকলে প্যানেল চেয়ারম্যান অথবা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়ে পরিষদের কার্যক্রম পরিচালনা করতে হবে। নাগরিক সেবা ব্যাহত হয়, এমন কাজ করা যাবে না।

যোগাযোগ করা হলে শাহিনুর রহমান দাবি করেন, জনসাধারণের হয়রানি রোধ করতে তিনি এই ঘোষণা দিয়েছেন।

ইউনিয়নের বেলেআঁটি গ্রামের লাল চাঁদ মিয়া বলেন, তিনি তাঁর ছেলের চাকরির জন্য একটি নাগরিক সনদ নিতে চার-পাঁচ দিন থেকে চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু ইউপি কার্যক্রম বন্ধ থাকায় এখন পর্যন্ত তিনি সনদ পাননি।

এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে চেয়ারম্যান আবদুল আলী বলেন, তিনি ঠিকমতো অফিস না করলেও নাগরিকদের সেবা দিয়ে যাচ্ছেন। এলাকার সাধারণ মানুষের জরুরি প্রয়োজনগুলো তিনি যেভাবেই হোক মিটিয়ে আসছেন। কিন্তু সচিব অতি উৎসাহী হয়ে এই ফরমান জারি করেছেন। এ কাজ তিনি করতে পারেন না।

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছিমা খাতুন বলেন, এই ঘোষণা সম্পর্কে তিনি কিছুই জানেন না। সচিব নিজের ইচ্ছায় এই ঘোষণা দিতে পারেন না। তিনি বিষয়টি দেখবেন বলে জানান।