চেয়ারম্যান একরাম হত্যা মামলার আসামি নয়ন গ্রেপ্তার

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক হত্যাকাণ্ডের ঘটনায় অভিযোগপত্রভুক্ত আসামি জসিম উদ্দিন ওরফে নয়নকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
ফেনীর ডিবি আজ রোববার দুপুরে জসিমকে শহরের বিরিঞ্চি এলাকা থেকে গ্রেপ্তার করে। চেয়ারম্যান একরাম হত্যাকাণ্ডের পর থেকে তিনি পলাতক ছিলেন।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী বলেন, এ নিয়ে একরাম হত্যার ঘটনায় অভিযোগপত্রভুক্ত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২০ মে বেলা ১১টার দিকে ফেনী থেকে ফুলগাজী যাওয়ার পথে শহরের একাডেমি এলাকায় সন্ত্রাসীরা চেয়ারম্যান একরামের গাড়ির গতিরোধ করে তাঁকে কুপিয়ে, গুলি করে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে।
এ ঘটনায় একরামুল হকের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপির স্থানীয় নেতা মাহতাব উদ্দিন আহমেদ চৌধুরী ওরফে মিনার চৌধুরীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০-৩৫ জনের বিরুদ্ধে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
চেয়ারম্যান একরাম হত্যার ঘটনার ১০০ দিনের মাথায় পুলিশ তদন্ত শেষে গত ২৮ আগস্ট ৫৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। কিন্তু আদালত এখনো ওই অভিযোগপত্র গ্রহণ করেনি।
অভিযোগপত্রভুক্ত অন্যতম আসামি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির আদেল ও ফেনী পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিয়াউল আলম ওরফে মিস্টারসহ ২৭ জন এখনো পলাতক রয়েছেন।
ঘটনাস্থল ফেনী