চেয়ারম্যান, এমডিসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩ কোটি ৬০ লাখ ৬৫ হাজার ৫৭৪ টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে বেসরকারি তেল শোধনাগার প্রতিষ্ঠান সুপার রিফাইনারি প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যানসহ তিনজনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার চট্টগ্রাম নগরের বায়েজীদ বোস্তামী থানায় দুদক ঢাকা কার্যালয়ের উপপরিচালক মির্জা জাহিদুল আলম বাদী হয়ে মামলাগুলো করেন। মামলায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান লুৎফুন্নেসা, তাঁর স্বামী ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আহমেদ ও ছেলে সাদিব আহমেদকে আসামি করা হয়েছে।

বায়েজীদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ প্রথম আলোকে বলেন, পরস্পর যোগসাজশে রাজস্ব ফাঁকির অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ২০০৭-২০০৮ অর্থবছরে ৩ লাখ ৩৫ হাজার ৩২৫ লিটার কনডেনসেটের (গ্যাস খনিতে পাওয়া অপরিশোধিত তেল) বিপরীতে ৩ লাখ ১৮ হাজার ৫৫৮ দশমিক ৭৫ লিটার পেট্রলজাতীয় তেল দ্রব্য উৎপাদন করেছিল সুপার রিফাইনারি। ওই তেলের ওপর ১৬ লাখ ৮৬ হাজার ২৯০ টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে আসামিদের বিরুদ্ধে। একইভাবে ২০০৮-২০০৯ এবং ২০০৯-২০১০ অর্থবছরে যথাক্রমে ২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৩১৮ টাকা ও ১ কোটি ২৬ লাখ ৩ হাজার ৯৬৬ টাকার রাজস্ব ফাঁকি দিয়েছে বলে অভিযোগ করা হয় মামলার এজাহারে।

মামলায় প্রতারণা করে আসামিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয় বলে জানান ওসি।

রাজস্ব ফাঁকির অভিযোগে করা মামলার বিষয়ে বক্তব্য জানতে সুপার রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক সেলিম আহমেদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।