জাতীয় নদী রক্ষা কমিশন আইন ২০১৩-এর উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে যোগ্য চেয়ারম্যান ও সদস্য নির্বাচনের জন্য তিন সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের গত ৯ অক্টোবরের অফিস আদেশ জারির পরিপ্রেক্ষিতে এ কমিটি গঠন করা হয়।
অনুসন্ধান কমিটির আহ্বায়ক হয়েছেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ। এছাড়া সদস্য করা হয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আইনুন নিশাত এবং সদস্যসচিব নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আলাউদ্দিন।
কমিটির কার্যপরিধি হচ্ছে জাতীয় নদী কমিশনের ধারা ৫ ও ৬-এর উপ-অনুচ্ছেদ (১ ও ২) অনুসারে কমিশনের চেয়ারম্যানসহ পাঁচজন মুখ্য ও বিকল্প সদস্যের প্রাথমিক নাম নির্বাচন করা এবং নির্বাচিত সদস্যদের মধ্য থেকে একজন চেয়ারম্যান (মুখ্য ও বিকল্প) একজন সার্বক্ষণিক সদস্য (মুখ্য ও বিকল্প) এবং অপর তিনজন মুখ্য ও বিকল্প অবৈতনিক সদস্যের নাম সুপারিশ করা। কমিটি ১৫ কার্যদিবসের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ে সুপারিশ পেশ করবে।
জাতীয় সংসদে গৃহীত জাতীয় নদী কমিশন আইন ২০১৩ গত ২২ জুলাই রাষ্ট্রপতির সম্মতি লাভ করে। বিজ্ঞপ্তি।