রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সরকারদলীয় সাংসদ ও মহানগর আওয়ামী লীগ নেতাদের অসৌজন্যমূলক আচরণের ঘটনায় আজ বৃহস্পতিবার কর্মবিরতি ঘোষণা করেছে চেয়ারম্যান কাউন্সিল। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান কাউন্সিলের সভাপতি অধ্যাপক হারুন-অর-রশিদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ ও ১৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরে প্রবেশ করে তাঁর সঙ্গে শিষ্টাচারবহির্ভূত, কাণ্ডজ্ঞানহীন, গর্হিত ও নিন্দনীয় যে আচরণ করা হয়েছে, তার প্রতিবাদে আজ ৫২ বিভাগের সভাপতিরা পূর্ণ কর্মবিরতি পালন করবেন। সভাপতিরা বিভাগের সব প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকবেন। কোনো কাগজে প্রতিদিনের স্বাক্ষর করবেন না। তবে বিভাগের ক্লাস-পরীক্ষা আগের মতো চলবে।
এদিকে বিএনপির ডাকা গতকালের হরতালে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগে ক্লাস-পরীক্ষা অব্যাহত থাকলেও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষকেরা ক্লাস নেওয়া থেকে বিরত ছিলেন।