চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই ইউপিতে চেয়ারম্যান পদে দুজন নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন রায়গঞ্জ ইউনিয়নে বিএনপির প্রার্থী আমিনা বেগম ও বল্লভেরখাস ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থী আনজুমান আরা বেগম।
উপজেলার ১৪ ইউনিয়নে তৃতীয় ধাপে ২৩ এপ্রিল নির্বাচন হবে।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার দুধকুমার নদের পূর্ব পারে সীমান্তঘেঁষা ইউনিয়ন বল্লভেরখাস। আনজুমান আরা বেগমের ছেলে আতিকুর রহমান গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন। আতিকুর বল্লভেরখাস ইউনিয়ন জাপার সভাপতি ছিলেন। এবারও নির্বাচন করার জন্য আতিকুর জনসংযোগ করছিলেন। কিন্তু গত ৭ অক্টোবর রাতে জোড়াদীঘিরপাড় এলাকায় দুর্বৃত্তরা আতিকুরকে কুপিয়ে হত্যা করেন। এ কারণে জাতীয় পার্টি এখানে তাঁর মাকে মনোনয়ন দেয়।
নির্বাচনে দাঁড়ানো প্রসঙ্গে আনজুমান আরা বেগম বলেন, ‘আমার ছেলে আতিকুর ছোটবেলায় বাবাকে হারিয়েছে। ইউনিয়নবাসীর সেবা করতে গিয়ে আতিকুর জীবন দিয়েছে। তার ইচ্ছা ছিল এলাকার উন্নয়ন করা। জনগণ তার বিকল্প হিসেবে আমাকে দাঁড় করিয়েছে। ছেলের পরিকল্পনা বাস্তবায়ন করতে আমি নির্বাচন করছি। নারী হিসেবে কোনো সমস্যা হচ্ছে না। জনগণ আমার পাশে আছে। আল্লাহ সহায় হলে জয়ের ব্যাপারে আমি আশাবাদী।’
এ ইউনিয়নের অন্য প্রার্থীরা হলেন আওয়ামী লীগের আতাউর রহমান, বিএনপির আজিবর রহমান, জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবদুল জলিল, আকমল হোসেন, বিএনপির বিদ্রোহী প্রার্থী বাবর আলী, স্বতন্ত্র প্রার্থী নুর আলম প্রধান।
এদিকে রায়গঞ্জ ইউনিয়নে বিএনপির প্রার্থী আমিনা। তিনি বলেন, ‘চেয়ারম্যান পদে আমি একমাত্র নারী। পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছি। স্থানীয় জনগণ প্রার্থী হওয়ার জন্য অনুপ্রেরণা দিয়েছে। কোনো সমস্যা হচ্ছে না। মানুষের ব্যাপক ভালোবাসা ও সহযোগিতা পাচ্ছি। এ ভালোবাসা ঘরে থাকলে পেতাম না। দলের নেতা-কর্মীর কাছে আমি কৃতজ্ঞ। দল থেকে তিনজন পুরুষ মনোনয়ন চেয়েছিলেন। নারী হিসেবে দল আমাকে মনোনয়ন দিয়েছে। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দোয়া ও সমর্থন পাচ্ছি। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে আমি আশাবাদী।’
আমিনার স্বামী কৃষক। তাঁর বাড়ি রায়গঞ্জ ইউনিয়নের রাঙ্গালীরবস গ্রামে। তাঁর এক ছেলে ও এক মেয়ে। তিনি আরও বলেন, ‘স্বামীর বড় ভাই এ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম হঠাৎ মারা গেলে জনগণ আমাকে উপনির্বাচনে দাঁড় করিয়ে দেয়। অল্প ভোটের ব্যবধানে আমি পরাজিত হই।’
রায়গঞ্জ ইউনিয়নের অন্য প্রার্থীরা হলেন আওয়ামী লীগের আ স ম আবদুল্লা আল ওয়ালিদ, জাপার (এরশাদ) মো. নুরুজ্জামান মণ্ডল, ইসলামী আন্দোলনের মো. মোস্তাফিজুর রহমান, স্বতন্ত্র আশরাফুল আলম ও আবদুল আউয়াল সরকার।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান বলেন, এ উপজেলার ১৪ ইউনিয়নে ৮১ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ওই দুজন নারী।