ময়মনসিংহের নবগঠিত তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নয়জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমার দেওয়ার শেষ দিন ছিল গতকাল বৃহস্পতিবার। এদিন পর্যন্ত চেয়ারম্যান পদে যাঁরা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাঁরা হলেন আওয়ামী লীগের সাবেক সাংসদ মরহুম এম শামছুল হকের ছেলে শরীফ আহাম্মেদ, ময়মনসিংহ জেলা উত্তর শাখা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন তালুকদার, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ তালুকদার, তারাকান্দা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুল হক, তারাকান্দা বাজারের ইট ও কাপড় ব্যবসায়ী শাহজাহান খান, থানা যুবদলের সাধারণ সম্পাদক এ এফ এম ওয়াহিদুজ্জামান, তারাকান্দা ইউনিয়ন বিএনপির একাংশের সভাপতি মাসুদ রানা খান, তারাকান্দা বাজার বণিক সমিতির সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা মো. নূরুজ্জামান সরকার এবং ব্যবসায়ী ইউসুফ আলী।
ভাইস চেয়ারম্যান পদে আটজন মনোনয়নপত্র জমা দেন। এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ এস এম ফেরদৌস বলেন, তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাই হবে ৭ সেপ্টেম্বর। প্রত্যাহারের শেষ দিন ১৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৬ সেপ্টেম্বর। ৩ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৭২টি কেন্দ্রে মোট এক লাখ ৮৮ হাজার ৬৩৯ জন ভোটার ভোট দেবেন। নির্বাচন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।