চেয়ারম্যান লাঞ্ছিত, প্রতিবাদে সড়ক অবরোধ
যশোরের মনিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নিরঞ্জন প্রসাদ বিশ্বাসকে লাঞ্ছিত করার প্রতিবাদে গতকাল শনিবার বিক্ষুব্ধ লোকজন সাত ঘণ্টা মনিরামপুর-নওয়াপাড়া সড়ক অবরোধ করে রাখেন। গত বুধবার উপজেলা পরিষদ চত্বরে আওয়ামী লীগের নেতা জি এম মজিদের হাতে ওই চেয়ারম্যান লাঞ্ছিত হন।
উপজেলার হাজিরহাট এলাকার মুক্তেশ্বরী নদীসংলগ্ন একটি জলাশয় ইজারা নিয়েছে সোনালি যুব উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেড। ওই জলাশয়ের পাড় যাতে ভেঙে না যায়, সে জন্য সংশ্লিষ্ট দপ্তর থেকে অনুমতি নিয়ে গাছ লাগিয়েছেন ইউপি চেয়ারম্যান নিরঞ্জন প্রসাদ বিশ্বাস। বুধবার চেয়ারম্যান উপজেলা পরিষদে গেলে উপজেলা আওয়ামী লীগের সদস্য জি এম মজিদ তাঁর কাছে সরকারি জমিতে গাছ লাগানোর বিষয়ে জানতে চান।
নিরঞ্জন প্রসাদ বিশ্বাস অভিযোগ করেন, জি এম মজিদ তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তিনি তাঁকে মারতে উদ্যত হলে উপস্থিত লোকজনের সহায়তায় রক্ষা পান। হরিদাসকাটি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সুকৃতি বিশ্বাস বলেন, ঘটনার জন্য নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা না করলে আরও বড় কর্মসূচি দেওয়া হবে।