জামালপুরের সরিষাবাড়ীতে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্প নিয়ে স্থানীয় দুটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সাংসদের মধ্যে দ্বন্দ্বের আপস না হওয়ায় প্রকল্পের প্রায় ৭৩ লাখ টাকা ফেরত যাচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১২-১৩ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে দ্বিতীয় পর্যায়ে এ প্রকল্পে প্রায় তিন কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। উপজেলার আটটি ইউনিয়নের তিন হাজার ৪৪২ জন অতিদরিদ্র শ্রমিকের জন্য এ টাকা বরাদ্দ দেওয়া হয়। ২৫ জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা। ২৮ এপ্রিল ছয়টি ইউনিয়নে প্রকল্পের কাজ শুরু হয়। কিন্তু ভাটারা ও আওনা ইউপির চেয়ারম্যানদের সঙ্গে স্থানীয় সাংসদ মুরাদ হাসানের দ্বন্দ্ব থাকায় ইউনিয়ন দুটিতে কাজ শুরু হয়নি। ফলে এ দুটি ইউনিয়নের আটটি প্রকল্পের ৮৫০ জন শ্রমিকের মজুরি বাবদ ৬৪ লাখ টাকা ব্যয় করা যায়নি। এ ছাড়া ১৮ মে সাতপোয়া ইউনিয়নে চারটি প্রকল্পের কাজ ১১ দিন পরে শুরু হওয়ায় শ্রমিকের মজুরির নয় লাখ ৩৭ হাজার ৪৭৫ টাকা রয়ে গেছে।
পিআইও সৈয়দ মনিরুল হক জানান, চেয়ারম্যানদের বারবার তাগাদা দেওয়ার পরও প্রকল্পের কাজ না করায় ৭৩ লাখের বেশি টাকা ফেরত যাচ্ছে।
ভাটারা গ্রামের শ্রমিক জরিনা বেগম বলেন, ‘চেয়ারম্যান ও এমপির মধ্যে দ্বন্দ্ব থাকায় প্রকল্প শুরু না হওয়ায় আমরা মজুরি থেকে বঞ্চিত হলাম।’ একই ধরনের কথা বললেন আওনা ইউনিয়নের কাবারিয়াবাড়ি গ্রামের শ্রমিক সুরুজ আলীসহ কয়েকজন।
ভাটারা ইউপির চেয়ারম্যান হারুন অর রশিদ খান বলেন, ‘আমি বিএনপি করি। এ কারণে এমপির সঙ্গে আমার বিরোধ রয়েছে। তাই দাখিল করার পর আমার তিনটি প্রকল্প পাস করা হয়নি।’
আওনা ইউপির চেয়ারম্যান বেল্লাল হোসেন বলেন, ‘স্থানীয় সাংসদের প্রতিনিধি আমার কাছে শ্রমিকদের মজুরি থেকে ৪০ শতাংশ টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় প্রকল্পগুলোর কাজ বন্ধ করে দেওয়া হয়। আমি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) লিখিতভাবে জানিয়েছি।’
স্থানীয় সাংসদ মুরাদ হাসান বলেন, ‘আমার সঙ্গে কোনো চেয়ারম্যানের দ্বন্দ্ব নেই। আমার কোনো প্রতিনিধি শ্রমিকের মজুরি থেকে কোনো টাকাও চাননি।’
ইউএনও পারভেজ রায়হান জানান, ভাটারার চেয়ারম্যান জনগুরুত্বপূর্ণ প্রকল্প না দেওয়ায় এমপির নির্দেশে প্রকল্প বাস্তবায়ন করা হয়নি। আর আওনার প্রকল্পগুলোতে শ্রমিক না পাওয়ায় প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়া হয়। ২৫ জুন প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় টাকাগুলো ফেরত যাচ্ছে।