চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় প্রশাসনের উদ্যোগে ১৬ ডিসেম্বর জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের কুচকাওয়াজ ও সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াত-সমর্থিত চেয়ারম্যানকে বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ৯ ডিসেম্বর চট্টগ্রাম জেলা প্রশাসককে এ বিষয়ে ব্যবস্থা নিতে চিঠি দিয়েছে। এতে উল্লেখ করা হয়, জামায়াতের সমর্থনে ফরিদ উদ্দিন খান লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল। তাই সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের পক্ষে চেয়ারম্যানকে সালাম জানানো সম্ভব নয়। তাঁর হাত থেকে মুক্তিযোদ্ধারা ক্রেস্টও নেবেন না।
এ ব্যাপারে লোহাগাড়া মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আখতার আহমদ সিকদার বলেন, ‘সরকারি নিয়ম অনুযায়ী চেয়ারম্যান বিজয় দিবসের অনুষ্ঠানের অতিথি হলেও কোনো মুক্তিযোদ্ধার পক্ষে তাঁকে সালাম দেওয়া অসম্ভব। জেলা প্রশাসন এ ব্যাপারে ব্যবস্থা না নিলে আমরা সংবর্ধনা, সালামসহ অন্যান্য অনুষ্ঠান বর্জন করব।’
মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বলেন, ‘অনুষ্ঠানে জামায়াত-সমর্থিত কোনো উপজেলা চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যানকে আমরা মেনে নেব না।’
লোহাগাড়া উপজেলার মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, ‘মহান বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের অতিথি করা মানে মুক্তিযোদ্ধাদের অহংকারকে ম্লান করা। আমাদের সঙ্গে উপহাস করা।’
তবে ফরিদ উদ্দিন খান বলেন, ‘যদিও আমি জামায়াত-সমর্থিত চেয়ারম্যান, তার পরও লোহাগাড়ার মুক্তিযোদ্ধাদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নিতে আমি চেষ্টা করব।’
লোহাগাড়া উপজেলার জামায়াত-সমর্থিত ভাইস চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান গুলশান আরা বলেন, ‘দাওয়াত দিলে আমরা অনুষ্ঠানে যাব।’
এ ব্যাপারে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিজনূর রহমান বলেন, সরকারি বিধি মোতাবেক উপজেলা চেয়ারম্যান বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সালাম গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তবে চট্টগ্রাম জেলা প্রশাসন তাঁদেরকে বাদ দিয়ে অনুষ্ঠান আয়োজনের পরামর্শ দিয়েছে।