চেয়ারম্যানদের বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানের সংবাদ সম্মেলন
প্রথম আলোয় গত বৃহস্পতিবার ‘মাসিক সমন্বয় সভা বর্জন করলেন ইউপি চেয়ারম্যানরা’ শিরোনামে সংবাদ প্রকাশের পর গতকাল শুক্রবার সংবাদ সম্মেলন করেছেন নওগাঁর বদলগাছি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা অলি আহমেদ চৌধুরী।
গতকাল বেলা ১১টায় নওগাঁ জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোস্তফা চৌধুরী বলেন, ‘স্থানীয় সরকার সহায়তা প্রকল্প (এলজিএসপি) এবং হাটবাজার থেকে পাওয়া অর্থ দিয়ে বিভিন্ন ইউনিয়ন পরিষদে গৃহীত প্রকল্পসমূহের তদন্ত করতে গিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের রোষানলে পড়েছি। এর জের ধরে ইউপি চেয়ারম্যানরা একযোগে আমার বিরুদ্ধে বিভিন্ন কুৎসা রটনা করছেন এবং সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে অসত্য সংবাদ পরিবেশন করাচ্ছেন।’
মোস্তফা চৌধুরী বলেন, এলজিএসপি ও হাটবাজার থেকে পাওয়া অর্থে উপজেলার বালুভরা ইউনিয়নে ১০টি প্রকল্প হাতে নেওয়া হয়। গত ২৬ জুলাই সেগুলো পরিদর্শনে গিয়ে তিনি দেখতে পান ১০টি প্রকল্পের কোনোটিতেই কাজ করা হয়নি। একইভাবে ২৮ জুলাই উপজেলার বিলাশবাড়ী ইউনিয়ন পরিদর্শনে গিয়ে দেখতে পান ওই ইউনিয়নে অনুরূপ ১৫টি প্রকল্পের মধ্যে মাত্র চারটির কাজ সম্পন্ন করা হয়েছে। অবশিষ্ট ১১টি প্রকল্পের কোনো কাজ করা হয়নি। এসব ইউনিয়নের সংশ্লিষ্ট প্রকল্পসমূহ পরিদর্শনের সময় বদলগাছির ইউএনও হুসাইন শওকত ও উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান তাঁর সঙ্গে ছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোস্তফা চৌধুরী বলেন, গৃহীত প্রকল্পসমূহে কাজ না করে সমুদয় টাকা আত্মসাতের ক্ষেত্রে অন্তরায় হওয়ার কারণেই সাংবাদিকদের মিথ্যা তথ্য সরবরাহ করে অসত্য সংবাদ পরিবেশন করাচ্ছেন ইউপি চেয়ারম্যানরা।