চেয়ারম্যানের অপসারণ দাবিতে সমাবেশ
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অপসারণ দাবিতে গতকাল বৃহস্পতিবার বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউপি ভবন ঘেরাও কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত ইউপি সদস্যরা। এ সময় চেয়ারম্যান শামছুর রহমানের বিরুদ্ধে ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগ তুলে প্রতিবাদ সমাবেশ করেন তাঁরা।
দুপুর ১২টার দিকে ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) ভবন ঘেরাওয়ের পর সেখানে অনুষ্ঠিত সমাবেশে ইউপি সদস্যরা ছাড়াও স্থানীয় লোকজন বক্তৃতা করেন। ইউপি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে ইউপি সদস্য আজাদুল ইসলামের নেতৃত্বে তাঁর ও অন্য ইউপি সদস্যদের সমর্থকেরা ভাটগ্রাম ইউনিয়ন পরিষদ ভবন ঘেরাও করেন। পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন আজাদুল ইসলাম। এতে অন্য ইউপি সদস্য আশরাফ আলী, লুৎফর রহমান, মোখলেছার রহমান, রফিকুল ইসলাম, আবু ছালাম, বিলকিছ বেগম, আবদুল ওয়াহেদ, ছাবিনা ইয়াসমিন, ফিরোজা মিয়া ছাড়াও মন্টু মিয়া বক্তৃতা করেন।