চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
নানা অনিয়মের অভিযোগে ফেনীর ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল আলম আজমীরের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন পরিষদের ১১ জন সদস্য।
১১ জন ইউপি সদস্য গতকাল রোববার ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ফেনী জেলা প্রশাসকের বরাবর ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়, চেয়ারম্যান আবুল আলম আজমীর ২০১১ সালে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে ট্রেড লাইসেন্স, জন্মনিবন্ধন সনদ, মৃত্যু সনদসহ বিভিন্ন সনদ দেওয়ার সময় আদায় করা অর্থ পরিষদের তহবিলে জমা না দিয়ে নিজে আত্মসাৎ করেছেন। এ ছাড়া টিআর প্রকল্পের চাল ও গমের টাকা উন্নয়নের কাজে না লাগিয়ে নিজে আত্মসাৎ করেন। সদস্যদের সঙ্গে অসদাচরণ ও স্বজনপ্রীতির অভিযোগও আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।
ইউপি চেয়ারম্যান আবুল আলম আজমীর বলেন, তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগের কোনো সত্যতা নেই। একটি বিশেষ মহল তাঁকে হেয়প্রতিপন্ন করার জন্য এ ধরনের হীন উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, যথাযথ তদন্ত হলে অবশ্যই সত্য প্রকাশিত হবে।
ফুলগাজীর ইউএনও দেবময় দেওয়ান অনাস্থা প্রস্তাব পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।