চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে চারটি কম্পিউটার কেনার নামে বেসরকারি সংস্থার দেড় লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।
বেসরকারি সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১২-১৩ অর্থবছরে সদর ইউনিয়নে স্বাবলম্বী উন্নয়ন সমিতির আওতায় স্থানীয় সুশাসন কর্মসূচির (শরিক প্রকল্প) তিন লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এ টাকা চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উত্তোলন করা হলেও গতকাল সোমবার অবধি একটি কম্পিউটারও কেনা হয়নি। অথচ স্বাবলম্বী উন্নয়ন সমিতির আওতায় শরিক প্রকল্পের কাজ এ উপজেলায় গত ৩১ আগস্ট শেষ হয়।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ইউপি সদস্য অভিযোগ করে বলেন, চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরীকে চারটি কম্পিউটার কেনার জন্য বেশ কয়েকবার তাগিদ দিলেও তিনি তা আমলে নেননি। এ বাবদ ব্যাংক থেকে দেড় লাখ টাকা তুলে তিনি আত্মসাৎ করেছেন।
শরিক প্রকল্পের উপজেলা প্রকল্প ব্যবস্থাপক মো. জসীম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বরাদ্দ করা টাকায় ইউনিয়নে কী কী প্রকল্প হলো বা কতটুকু কাজ বাস্তবায়িত হলো, সেটি দেখার এখতিয়ার আমার নেই। কাজেই ওই বিষয়ে আমি কিছু বলতে পারব না।’ তবে ফখরুল ইসলাম চৌধুরী দাবি করেন, এ টাকায় কম্পিউটার কেনা হয়েছে। ইউপি সদস্যদের অভিযোগ ভিত্তিহীন।