চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও ভিজিএফের চাল বিতরণে অনিয়মের প্রতিবাদ করায় দিনাজপুরের বিরলের পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান তাঁর সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রতিবাদকারীদের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শনিবার দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউপি সদস্য আবুল হোসেন ওই অভিযোগ করেন। এ সময় ইউপি সদস্য আজাহার আলী, বাবুল হোসেন, আঞ্জুয়ারা বেগমসহ কয়েকটি ভিজিএফ কার্ডধারী পরিবার উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবুল হোসেন উল্লেখ করেন, ঈদুল আজহা উপলক্ষে ইউনিয়নের দরিদ্র মানুষের মধ্যে সরকারের বরাদ্দ করা ভিজিএফের চাল সঠিকভাবে বিতরণ করা হয়নি। ২৬ সেপ্টেম্বর রাতে চেয়ারম্যান মিজানুর রহমান পরিষদের একজন দফাদার ও তাঁর কয়েকজন লোককে দিয়ে দুটি নছিমনে করে ইউপি কার্যালয় থেকে ১৯ বস্তা চাল পাচারের চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন তা আটক করে। খবর পেয়ে ইউপি সদস্য আবুল হোসেন, আজহার আলী, বাবুল হোসেন, মহিলা সদস্য আঞ্জুয়ারা বেগম ঘটনাস্থলে যান। তাঁরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) পুলিশকে জানান। ইউএনও পরদিন সকালে এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ইউপি চেয়ারম্যান ওই রাতে নিজের লোকদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে ভিজিএফের নতুন রসিদ পৌঁছে দেন। এরপর পরদিন সকালে চাল বিতরণ করার কথা জানিয়ে রসিদ গ্রহণকারীদের আসতে বলেন। ২৭ সেপ্টেম্বর সকালে ওই চাল বিতরণের চেষ্টা করলে ইউপি সদস্যরা ইউএনও না আসা পর্যন্ত চাল বিতরণ করতে মানা করেন। এতে ইউপি চেয়ারম্যান তাঁর ভাই ও ভাগিনাসহ সন্ত্রাসী বাহিনী দিয়ে তাঁদের ওপর হামলা চালান ও মারধর করেন। এতে ইউপি সদস্য আজাহার আলী, বাবুল হোসেন ও আঞ্জুয়ারা বেগম আহত হন।
অভিযোগের বিষয়ে জানতে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।