চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলী আশ্রাফ পাটোয়ারীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও বিভিন্ন অনিয়মের অভিযোগের সত্যতা মিলেছে। উপজেলা কৃষি কর্মকর্তা তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৫ এপ্রিল ওই ইউপির নয়জন সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে সরকারের বিভিন্ন প্রকল্পের ১০ লক্ষাধিক টাকা আত্মসাতের লিখিত অভিযোগ করেন। ১৩ মে ইউএনওর নির্দেশে উপজেলা কৃষি কর্মকর্তা তদন্ত শুরু করেন। গত রোববার ইউএনওর কার্যালয়ে তিনি প্রতিবেদন জমা দেন।
ওই ইউনিয়নের নয়জন সদস্য অভিযোগ করেন, প্রায় সাড়ে তিন বছরে চেয়ারম্যান উপজেলা পরিষদের ১১টি সরকারি প্রকল্পের বরাদ্দকৃত ১০ লক্ষাধিক টাকা আত্মসাৎ করেন। ২০১২-১৩ অর্থবছরে স্থানীয় সরকার সহায়তা প্রকল্পের (এলজিএসপি) পিংড়া সড়ক সংস্কারের জন্য বরাদ্দ করা ৭০ হাজার, ঘোষেরহাট সড়ক সংস্কারের এক লাখ, করবন্দ সড়ক সংস্কারের ৯০ হাজার, মাস্টার বাজার পরিবার পরিকল্পনা কেন্দ্রের গর্ত ভরাটের ৯৫ হাজার টাকা আত্মসাৎ করেন।
অভিযোগে ইউপি সদস্যরা আরও উল্লেখ করেন, ২০১৩-১৪ অর্থবছরে এলজিএসপির গোবিন্দপুর ইরি প্রকল্পের বরাদ্দ করা দুই লাখ, ফুলগাজী সড়ক সংস্কারের এক লাখ, গোসাইপুর সড়ক সংস্কারের ১ লাখ ২০ হাজার, হতদরিদ্র কর্মসংস্থান কর্মসূচির ৬৫ হাজার টাকাও চেয়ারম্যান আত্মসাৎ করেন। গত জানুয়ারিতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের দুস্থ মহিলা উন্নয়ন প্রকল্পের (ভিজিডি) কার্ডধারীদের মাসে ৩০ কেজি করে খাদ্যশস্য দেওয়ার কথা থাকলেও তিনি তাঁদের দেন ১৪-১৫ কেজি করে। বাকি খাদ্যশস্য বিক্রি করে প্রায় দুই লাখ টাকা আত্মসাৎ করেন।
ইউপি সদস্য মোকলেছ মিয়ার অভিযোগ, সনদ প্রদানের ক্ষেত্রে চেয়ারম্যান প্রত্যেকের কাছ থেকে বিধিবহির্ভূতভাবে দুই শ থেকে চার হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেন। গত ২৮ ফেব্রুয়ারি তাঁর (চেয়ারম্যানের) বিরুদ্ধে ইউএনওর কাছে অনাস্থা প্রস্তাব আনা হয়। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি বহাল তবিয়তে আছেন।
আলী আশ্রাফ পাটোয়ারী জানান, এসব অভিযোগ শতভাগ মিথ্যা। কোনো প্রকল্পের টাকাই তিনি আত্মসাৎ করেননি। অনিয়ম, স্বেচ্ছাচারিতা করেননি।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, তদন্তে সব অভিযোগের সত্যতা পাওয়া গেছে। প্রতিবেদন ইউএনওর কাছে জমা দিয়েছেন। ইউএনও ফারহানা ইসলাম বলেন, তদন্ত প্রতিবেদন পেয়েছেন। স্থানীয় সরকার আইনে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।