চেয়ারম্যানের বিরুদ্ধে পুকুর দখলের অভিযোগ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওয়াজি উল্লাহ ভূঁইয়ার বিরুদ্ধে আট বছর ধরে একটি পুকুর দখল করে রাখার অভিযোগ পাওয়া গেছে। তবে চেয়ারম্যান পুকুরটি তাঁর নিজের বলে দাবি করেছেন।
এলাকার অনেকে অভিযোগ করে জানান, ইউনিয়নের আমানগন্ডা মৌজার ২২৯ দাগে ৩৬ শতক পুকুরটি ২০০২ সালের আগ পর্যন্ত একই গ্রামের রমিজ আলী, আলী আশ্রাফ ও আবদুল আজিজ গংদের দখলে ছিল। ওই ব্যক্তিদের নামে আরএস মূলে পুকুর ক্রয়ের দলিল ও ১৪২ নম্বর বিএস খতিয়ানেও তাঁদের নাম রয়েছে। পাশের বাড়ির বাসিন্দা ও তৎকালীন ইউপি চেয়ারম্যান ওয়াজি উল্লাহ ভূঁইয়া ২০০২ সালের শেষের দিকে প্রভাব খাটিয়ে তাঁর ও ছেলে শরিফুল ইসলামের নামে জালিয়াতির মাধ্যমে ১০৮ নম্বর বিএস খতিয়ানে পুকুরের ২২৯ দাগটি অন্তর্ভুক্ত করেন। এর পর থেকে তিনি পুকুরে জাল ফেলে মাছ ধরে নিয়ে যান এবং পুকুরটি দখলে রাখেন।
এর আগে ১৯৯৫ সালে ওয়াজি উল্লাহ ভূঁইয়া পুকুরের প্রকৃত মালিকদের বিরুদ্ধে উপজেলা ভূমি জরিপ অফিসে মামলা করেন। তবে ওই মামলায় তিনি কোনো দলিল উপস্থাপন করতে পারেননি বলে পুকুরের প্রকৃত মালিক রমিজ আলী, আলী আশ্রাফ ও আবদুল আজিজ গংদের পক্ষে বিএস খতিয়ান বহাল থাকে। ২০১০ সালে উপজেলা ভূমি জরিপ অফিসে ১৪২ নম্বর খতিয়ান মূলে রমিজ আলী, আলী আশ্রাফ ও আবদুল আজিজ গং ২২৯ দাগের পুকুরটি নিজেদের দাবি করে চেয়ারম্যানের ১০৮ নম্বর খতিয়ান থেকে পুকুরের ২২৯ দাগটি বাতিলের জন্য আবেদন করেন। ওই বছরের ২৯ সেপ্টেম্বর উপজেলা সহকারী ভূমি জরিপ কর্মকর্তা দিলীপ কুমার শীল কাগজপত্র পর্যালোচনা করে ১০৮ নম্বর খতিয়ান থেকে ২২৯ দাগটি বাতিল করে ১৪২ নম্বর খতিয়ানে ২২৯ দাগটি সঠিক বলে প্রতিবেদন দেন।
এ ব্যাপারে ওয়াজি উল্লাহ ভূঁইয়া জানান, গত ৩০ বছর ধরে পৈতৃক পুকুরে মাছ চাষ করে আসছি, দখল করার প্রশ্নই আসে না।
তবে তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি।