চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা, 'একঘরে' নারী ইউপি সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন এক নারী জনপ্রতিনিধি। এরপর সমাজপতিরা তাঁকে ‘একঘরে’ করে রাখেন। পরে পুলিশ ও সন্ত্রাসী দিয়ে হুমকি-ধমকি দেওয়া শুরু হলে বাড়ি থেকে পালিয়ে যান তিনি। এখনো পালিয়েই বেড়াচ্ছেন।
আদালত ওই চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও পুলিশ তাঁকে ধরছে না। পুলিশ বলছে, তিনি পলাতক। ঘটনাটি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার একটি ইউনিয়নের।
ওই নারী ইউপি সদস্য (৩৮) গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম আলোর এ প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করলে তাঁর সঙ্গে কথা বলে ও মামলার বিবরণ সূত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি ইউপি কার্যালয়ে যাওয়ার পর আবদুর রউফ তাঁকে শ্লীলতাহানির পর ধর্ষণের চেষ্টা চালালে ১৬ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে মামলা করেন তিনি। ১৯ ফেব্রুয়ারি এই আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মামলাটি অনুসন্ধান করে প্রতিবেদন দিতে জেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম এইচ এম শফিকুল ইসলামকে নির্দেশ দেন। ৩ মার্চ হাকিম শফিকুল ইসলাম আদালতে প্রতিবেদন দাখিল করেন।
প্রতিবেদন অনুযায়ী (সংক্ষেপে), ‘ওই ইউনিয়নের সাতজন নির্বাচিত সদস্যের সাক্ষী ও আদালতের পর্যালোচনা মোতাবেক ঘটনাটি সত্য। আসামি আবদুর রউফ একজন দুশ্চরিত্রের লোক। বাদীর অভিযোগের সত্যতা পাওয়া গেছে।’
এ প্রতিবেদনের পর জেলা ও দায়রা জজ আবদুর রউফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাঁকে আদালতে হাজির করতে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন (স্মারক নম্বর-২৫৬ তারিখ ০৮/০৩/২০১৫)।
বাদী অভিযোগ করেন, গ্রেপ্তারি পরোয়ানা জারির পর মামলাটি প্রত্যাহার করে নিতে চেয়ারম্যানের ক্যাডার, স্থানীয় আওয়ামী লীগের নেতা ও পুলিশ তাঁকে হুমকি-ধমকি ও চাপ দিচ্ছে। এর আগে তাঁকে কারও সঙ্গে মিশতে না দিয়ে, তাঁর সম্পর্কে কুৎসা রটিয়ে তাঁকে সমাজবিচ্ছিন্ন ও একঘরে করে রাখেন সমাজপতিরা। এখন তিনি প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।
আদালতের নির্দেশের পরও কেন চেয়ারম্যানকে ধরা হচ্ছে না, তা জানতে চাইলে সোনারগাঁ থানার ওসি কামরুল ইসলাম দাবি করেন, ‘আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।’
ওদিকে সরকারি অর্থ আত্মসাৎ, মাদক সেবন, জনপ্রতিনিধিদের মারধর ও নারী জনপ্রতিনিধিদের কুপ্রস্তাব দেওয়াসহ নানা অভিযোগে ওই ইউনিয়নের আটজন নির্বাচিত সদস্য গত ২২ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিতভাবে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছেন।
ইউএনও আবু নাছের ভূঞা গতকাল প্রথম আলোকে বলেন, অনাস্থা পাওয়ার পর বিষয়টিতে তদন্ত চলছে। তদন্ত শেষে জেলা প্রশাসক বরাবর প্রতিবেদন পাঠানো হবে।
ইউনিয়নের একজন ওয়ার্ড সদস্য অভিযোগ করেন, ‘চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা ও নারী সদস্যের মামলার সাক্ষী হওয়ায় আমরা এ ইউনিয়নের আটজন সদস্য প্রতিদিন হুমকির মধ্যে আছি। ইতিমধ্যে পুলিশ আমাকে এক রাত থানায় আটক করে রেখে চাপ দিয়েছে। আমি এসব ঝামেলায় যাব না বলে মুচলেকা দেওয়ার পর পুলিশ আমাকে ছেড়ে দেয়।’ ওসি কামরুল ইসলাম বলেন, ‘অন্য একটি কারণে তাঁকে আটক রাখা হয়েছিল। পরে ছেড়ে দেওয়া হয়।’
এসব অভিযোগের ব্যাপারে চেয়ারম্যান আবদুর রউফ বলেন, ‘আমার বিরুদ্ধে সে (বাদী) ও ইউপি সদস্যরা মিথ্যা অভিযোগ দিয়েছে। আমি এসবের সঙ্গে জড়িত নই।’