চেরাগী চত্বরে শিল্পযজ্ঞ

এক শ গজ রাস্তার দুপাশে শিল্পের নানা আয়োজন। কোথাও ঝুলছে চিত্রকর্ম, কোথাও বসেছে স্থাপনাশিল্প আর কোথাও শিল্পীরা পরিবেশন করছেন পারফরম্যান্স। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রামের লেখক, কবি ও সংস্কৃতিকর্মীদের আড্ডাস্থল চেরাগী পাহাড় পরিণত হয়েছিল আর্ট গ্যালারিতে। পান দোকানদার থেকে ঘরমুখো মানুষ, গৃহবধূ থেকে শিশু সবাই ছিল এই প্রদর্শনীর দর্শক।
যোগ আর্ট স্পেস আয়োজিত চেরাগী আর্ট শো এবার পঞ্চম বছরে পা দিল। দুদিনের এই প্রদর্শনী শুরু হয় বিকেল পাঁচটায়। প্রথা অনুযায়ী উদ্বোধনের কোনো আনুষ্ঠানিকতা ছিল না। চারুশিল্পীরা ছাড়াও প্রদর্শনীতে অংশ নিয়েছেন স্থপতি, আলোকচিত্রী, সমাজ গবেষক ও চলচ্চিত্র নির্মাতা। এবার ২৭ জনের শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। এসবের বেশির ভাগই স্থাপনাশিল্প (ইনস্টলেশন)। এর পাশাপাশি পারফরম্যান্স, চিত্রকর্ম ও ভিডিও আর্টও প্রদর্শিত হচ্ছে এই প্রদর্শনীতে।
চেরাগী চত্বরে ঢুকতেই দেখা গেল একটি দৈনিক পত্রিকার প্রদর্শনী বোর্ড। বোর্ডের চারপাশে খোলা খামে ভরা চিঠি। দর্শকেরা দাঁড়িয়ে সেসব চিঠি খুলে পড়ছেনও। একটি খাম থেকে চিঠি নিয়ে দেখা গেল তাতে লেখা, ‘সবাই পুরুষ ভাবলেও আমি আসলে একজন নারী...।’ প্রায় সব চিঠিতেই তৃতীয় লিঙ্গের মানুষজনের এমন না বলা কথা। ‘এক্সপ্লোরিং দ্য হিডেন বাউন্ডারি’ নামের এই শিল্পকর্মের শিল্পী সোমা সুরভি চেয়েছেন সাধারণ মানুষজনের সঙ্গে ‘হিজড়া’ নামে পরিচিত তৃতীয় লিঙ্গের এসব মানুষের সংযোগ ঘটাতে। এসব চিঠির পাশাপাশি বোর্ডে মাটির তৈরি অনেক পুতুলও শোভা পাচ্ছে। যে পুতুলগুলোর কোনোটি তৈরি করেছে চেরাগী পাহাড়ে আসা সাধারণ মানুষ আর কোনোটি তৈরি করেছে তৃতীয় লিঙ্গের মানুষজন।
তিন তরুণ স্থপতি আর্চিষ্মান দাশ, মাহমুদা চৌধুরী ও অরিত্র দে একটি বড় কাঠের আয়তাকার বাক্স নির্মাণ করেছেন। এই বাক্সের নাম ‘অ্যাসপিরেশন’ অর্থাৎ আকাঙ্ক্ষা। বড় বাক্সের চারদিকে ঝুলছে ছোট-বড় অনেক বাক্স। ভেতরে চৌকোনা বাক্সে চলছে ভিডিও অ্যানিমেশন। ভিডিওতে দেখা যায়, ছোট ছোট বাক্সের ভেতরে ঢুকছে মানুষ। আর মানুষ ঢুকতেই বড় হচ্ছে বাক্সগুলো। সেখান থেকে জন্ম হচ্ছে আরও বাক্সের। তরুণদের একজন ব্যাখ্যা করলেন এই শিল্পকর্মের। তিনি বললেন, ‘চেরাগী মানুষের মিলনস্থল। একে আমরা বাক্স হিসেবে দেখেছি। যত নতুন মানুষ আসে, তত নতুন ধারণারও যোগ হয়। বাক্সের আকারও বাড়ে।’
চেরাগী পাহাড়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত না করেই এই প্রদর্শনী চালিয়ে যাচ্ছেন শিল্পীরা। চা দোকানের পাশে, পত্রিকা বা ছাপাখানার কার্যালয়ের দেয়াল ঘেঁষে এমনকি বারান্দার কোণেও শিল্পকর্ম স্থাপন করা হয়েছে। আড্ডা দিতে দিতেই লোকজন দেখছেন, নিজের মতো ব্যাখ্যা দিচ্ছেন এই শিল্পকর্মগুলোর।
পারফরম্যান্স শিল্পী রূপায়ণ বড়ুয়াকে ঘিরে দর্শকের বেশ ভিড়। স্যুট-টাই পরে একটি রেস্তোরাঁর সামনে বসেছেন তিনি। সারা শরীরের ফটোকপি করা নোট (টাকা)। হাতেও ধরা অনেকগুলো ফটোকপি করা নোট। অনড়-নিশ্চল শিল্পীকে দেখে এক দর্শকের মন্তব্য, ‘এই লোকটা টাকার কাছে বন্দী।’
ভিড় দেখা গেছে শিল্পী দিলারা বেগম জলির ভিডিও আর্টের সামনেও। দেয়ালের গায়ে ফেলা প্রজেক্টরে অনেকগুলো চোখ ফুটিয়ে তুলেছেন তিনি। যারা দেখছে শায়িত এক নারীকে।
‘ব্যালাড’ নামের শিল্পকর্মের মাধ্যমে নারীর অন্তর্গত বেদনার চিত্রায়ণ করেছেন ফারজানা হোসেন।
এই আর্ট শোর কিউরেটর শিল্পী জাহেদ আলী চৌধুরী। তাঁর সহযোগী সোহরাব জাহান। প্রদর্শনী প্রসঙ্গে জাহেদ আলী চৌধুরী বলেন, এবারের প্রদর্শনীর মূল বিষয় ছিল ‘শরীর: যন্ত্র ও আবেগ’। যন্ত্র কীভাবে আবেগ নিয়ন্ত্রণ করছে, তার সন্ধান করতে চেয়েছেন শিল্পীরা। পাশাপাশি চেয়েছেন চেরাগীতে আসা মানুষজনের সঙ্গে শিল্প ভাবনার আদান-প্রদান করতে।
আজ শনিবার বিকেল চারটা থেকে এই প্রদর্শনী শুরু হয়ে রাত নয়টা পর্যন্ত চলবে। সকাল সাড়ে ১০টায় সেমিনার ও বেলা সাড়ে তিনটায় রয়েছে চলচ্চিত্র প্রদর্শনী।