চেলসির কাছে হারল ম্যানচেস্টার ইউনাইটেড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যাট্রিক করার পর যেন উড়েই যেতে চাইলেন স্যামুয়েল ইতো। ছবি: রয়টার্স
হ্যাট্রিক করার পর যেন উড়েই যেতে চাইলেন স্যামুয়েল ইতো। ছবি: রয়টার্স

ইংলিশ প্রিমিয়ার লিগের শততম জয়ের মাইলফলকটা যে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষেই ছোঁয়ার চেষ্টা করবেন, সেকথা আগেই বলেছিলেন হোসে মরিনহো। শিষ্যরা হতাশও করেননি এই পর্তুগিজ কোচকে। ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জয়ের আশা আরও জোরদার করেছে চেলসি। অন্যদিকে এবারের মৌসুমে সপ্তমবারের মতো হারের মুখ দেখে শিরোপা জয়ের দৌড় থেকে প্রায় ছিটকেই পড়েছে গতবারের শিরোপাজয়ী ম্যানচেস্টার ইউনাইটেড। চেলসির পক্ষে তিনটি গোলই করেছেন স্যামুয়েল ইতো।

প্রিমিয়ার লিগের ২২ ম্যাচ শেষে ৪৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে আছে চেলসি। শীর্ষে থাকা আর্সেনালের সংগ্রহ ৫১ পয়েন্ট। আর সমানসংখ্যক ম্যাচ খেলে ম্যানচেস্টার ইউনাইটেডের ঝুলিতে জমা হয়েছে মাত্র ৩৭ পয়েন্ট।

অথচ তরুণ স্ট্রাইকার আদনান জানুয়াজের দারুণ পারফরম্যান্সে শুরুটা ভালোভাবেই করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু দুর্বল রক্ষণভাগের ফায়দা নিয়ে প্রথমার্ধেই রেড ডেভিলদের বিপাকে ফেলে দেন ইতো। ১৭ ও ৪৫ মিনিটে তাঁর পা থেকেই আসে চেলসির দুইটি গোল। দ্বিতীয়ার্ধে খেলা শুরুর কয়েক মিনিটের মধ্যেই আরেকটি গোল করে দলের জয়ও প্রায় নিশ্চিতই করে ফেলেন ক্যামেরুনের এই তারকা স্ট্রাইকার। ৭৮ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষে সান্তনাসূচক একটি গোল করে হারের ব্যবধানটাই শুধু কমাতে পেরেছেন বদলি হিসেবে নামা জাভিয়ের হার্নান্দেজ।
প্রিমিয়ার লিগের অপর ম্যাচে সোয়ানসে সিটিকে ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে টটেনহাম।— রয়টার্স