চেষ্টা করলে জাপা উপজেলায় ভালো করতে পারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘আমরা যদি চেষ্টা করতাম, তাহলে উপজেলা নির্বাচনে ভালো করতে পারতাম।’
গতকাল শনিবার খুলনার একটি পত্রিকার সম্পাদকের জাপায় যোগদান উপলক্ষে দলের বনানীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এরশাদ এ দাবি করেন। তবে তিনি স্বীকার করেন, দলে কিছু সমস্যা থাকায় এবার উপজেলা নির্বাচনে জাপা ভালো ফল করতে পারেনি। দল নতুনভাবে যাত্রা শুরু করেছে। ‘হতাশা কাটিয়ে’ আগামী সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান জাপার চেয়ারম্যান।
তিন পর্বে ২৯৫টি উপজেলায় অনুষ্ঠিত নির্বাচনে জাতীয় সংসদের বিরোধী দল জাপা মাত্র দুটিতে চেয়ারম্যান পদে জয়ী হয়। এ নিয়ে দলের ভেতরে-বাইরে যখন নানা কথা বলাবলি হচ্ছে, তখন এ বিষয়ে মুখ খুললেন এরশাদ। তিনি উপজেলা নির্বাচনপদ্ধতি পরিবর্তনের প্রস্তাব করেন।
এরশাদ বলেন, উপজেলা নির্বাচন যেহেতু অনেকটা দলীয় নির্বাচনের মতোই হয়ে যাচ্ছে, তাই পরবর্তী নির্বাচনগুলো দলীয়ভাবেই হওয়া উচিত। এ সময় এরশাদ সংসদ নির্বাচনের মতো এবার উপজেলা পরিষদ নির্বাচন নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, উপজেলা নির্বাচন নিয়ে অনেক অভিযোগ আসছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু হয়নি। এ পর্যায়ে এরশাদ বলেন, ‘থাক, এ ব্যাপারে বিস্তারিত আজ কিছু বলব না। পরে বলব।’
অনুষ্ঠানে জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, দলের সভাপতিমণ্ডলীর সদস্য সুনীল শুভ রায়, দলের নেতা সৈয়দ দিদার বখ্ত, দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।