চেষ্টা করলে পিছিয়ে থাকব না: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যেকোনো কাজ-চ্যালেঞ্জ সামনে আসুক না কেন, সেটা আমরা অর্জন করতে সক্ষম হব—এই আত্মবিশ্বাস সব সময় নিজের মধ্যে থাকতে হবে। কাব স্কাউটের মূলমন্ত্র হচ্ছে যথাসাধ্য চেষ্টা করা। যথাসাধ্য চেষ্টা করলে আমরা কোনো ক্ষেত্রে পিছিয়ে থাকব না।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাব ক্যাম্পুরীর উদ্বোধনকালে এসব কথা বলেন। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে শুরু হয়েছে ছয় দিনব্যাপী অষ্টম জাতীয় কাব ক্যাম্পুরী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ শনিবার অষ্টম জাতীয় কাব ক্যাম্পুরীর উদ্বোধন করেন। পরে তিনি শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জনকারীদের মধ্যে ৭১ জনের হাতে পুরস্কার তুলে দেন। ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ শনিবার অষ্টম জাতীয় কাব ক্যাম্পুরীর উদ্বোধন করেন। পরে তিনি শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জনকারীদের মধ্যে ৭১ জনের হাতে পুরস্কার তুলে দেন। ছবি: ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাই আমাদের প্রতিটি প্রাইমারি স্কুল থেকেই স্কাউটের কার্যক্রম শুরু হোক। তাতে ছেলে-মেয়েদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে উঠবে। এই অভ্যাস তাদের চরিত্র গঠনে অবদান রাখবে। কারণ, দেশ সম্পর্কে তার ভালোবাসা বাড়বে। মানুষের প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসা বাড়বে। পরবর্তীকালে অভিভাবক থেকে শুরু করে প্রতিবেশীর প্রতি, দেশের প্রতি, জাতির প্রতি দায়বদ্ধতা পালনের প্রচেষ্টা চালাবে। এই মানসিকতা গড়ে উঠলে আমাদের দেশ এগিয়ে যাবে, দেশের মানুষ আরও উন্নত হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে যারা শিশু, আগামী দিনে তারাই এ দেশের কর্ণধার হবে। তাদের ওপরই আমরা দায়িত্ব দিয়ে যাচ্ছি। আমি এটাই চাই, জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা নিয়ে যুগোপযোগী হয়ে দেশকে তোমরা উন্নত করবে, সমৃদ্ধিশালী করবে।’
প্রধানমন্ত্রীকে গণভবনে উদ্বোধনী অনুষ্ঠানে ক্রেস্ট উপহার দেন স্কাউটের প্রধান জাতীয় কমিশনার ও ক্যাম্পুরী চিফ মোজাম্মেল হক খান। এ সময় কাব ক্যাম্পুরীর পক্ষ থেকে তাঁকে স্কার্ফ ও স্যুভেনির তুলে দেওয়া হয়।
পরে প্রধানমন্ত্রী বাংলাদেশ স্কাউটসের ৮৫১ জন শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জনকারীর মধ্যে ১০ স্কাউট অঞ্চলের ৭১ জন কাব স্কাউটদের কাব অ্যাওয়ার্ড প্রদান করেন। অন্যদের মৌচাক স্কাউট প্রশিক্ষণকেন্দ্রে আয়োজিত অনুষ্ঠান থেকে কাব অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। অনুষ্ঠানে আকর্ষণীয় ডিসপ্লে প্রদর্শন, বেলুন ও পায়রা ওড়ানো এবং বাংলাদেশ স্কাউট কার্যক্রমের ওপর একটি ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে মৌচাক থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি ও মুখ্য সচিব আবদুল কালাম আজাদ।

মৌচাকের অনুষ্ঠানস্থলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী মেহের আফরোজ, গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম, গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ।

‘আমরা করব জয়’ প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ স্কাউটসের পরিচালনায় ও ব্যবস্থাপনায় আজ থেকে শুরু হওয়া কাব ক্যাম্পুরী ২৭ জানুয়ারি শেষ হবে।

বাংলাদেশ স্কাউটসের উপপরিচালক (জনসংযোগ ও মার্কেটিং) এ এইচ এম সামছুল আজাদ বলেন, প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সাড়ে ছয় হাজার কাব শিক্ষার্থী ও লিডার এবং দেড় হাজার ক্যাম্পুরী অংশ নিয়েছে। কাব স্কাউটদের আনন্দ আর বন্ধুত্বের মিলনমেলা হচ্ছে এই কাব ক্যাম্পুরী। এখানে অবস্থানকালে দক্ষতা ও প্রতিভা বিকাশের জন্য নির্দিষ্ট কার্যক্রমে অংশগ্রহণ করবে তারা।