
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আওয়ামী লীগের তৃণমূল নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সবার মতামত নিয়েই প্রার্থী ঠিক করা হবে। নির্বাচনে যে প্রার্থী দেব, তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রার্থী পছন্দ না হলে চেহারা দেখার দরকার নেই, নৌকা দেখলেই হবে।’ গতকাল বুধবার আওয়ামী লীগের সিলেট জেলা ও মহানগর, খুলনা জেলা ও মহানগর এবং ময়মনসিংহ, নোয়াখালী, পটুয়াখালী ও নারায়ণগঞ্জ জেলার নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দলের তৃণমূলের নেতাদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে গতকাল প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। শেখ হাসিনা তৃণমূল নেতাদের সতর্ক করে বলেন, ‘যদি মনে করেন অন্য জায়গায় আওয়ামী লীগ বিজয়ী হবে, নিজের প্রার্থী পছন্দ না হওয়ায় তাঁকে হারিয়ে দেবেন—এটা করলে কেবল দলের নয়, দেশেরও মারাত্মক ক্ষতি হবে। তাই প্রার্থী নয়, নির্বাচনের সময় শুধু বঙ্গবন্ধু ও নৌকার দিকে তাকিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে বিরোধী দলের দাবি নাকচ করে প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকতে বলতেন, ‘পাগল আর শিশু ছাড়া কেউই নিরপেক্ষ নন।’ এবার তিনি হয়তো পাগল ও শিশু খুঁজে পেয়েছেন। তাই তিনি তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছেন।বিডিআর বিদ্রোহের ঘটনায় বিরোধীদলীয় নেত্রী জড়িত ছিলেন অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিদিন ১২টার আগে ঘুম থেকে না উঠলেও বিডিআর বিদ্রোহের দিন ঘটনা ঘটার প্রায় এক-দেড় ঘণ্টা আগেই খালেদা জিয়া ক্যান্টনমেন্টের বাসা থেকে একটি কালো কাচের গাড়িতে করে বেরিয়ে যান। কোনো নিরাপত্তারক্ষী বা প্রটোকল না নিয়ে ওই দিন তিনি কোথায় পালিয়ে গেলেন, কেন গেলেন, তা জাতি জানতে চায়। কেন উনি ঘটনার পর দীর্ঘদিন ক্যান্টনমেন্টের বাসায় ফেরেননি? এর পেছনের রহস্যটা কী? তিনি কি আগেই জানতেন বিদ্রোহ ঘটবে? প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যখন ওই হত্যাকাণ্ডের বিচার করছি, তখন খুনিদের রক্ষায় তাদের পক্ষে বিনা পয়সায় বিএনপি-জামায়াতের আইনজীবীরা কাজ করছে। তারা বিচার-প্রক্রিয়াকে বিলম্বিত করতে নানা ষড়যন্ত্র করছে। এটিও বিডিআর বিদ্রোহের সঙ্গে তাদের সম্পৃক্ততা প্রমাণ করে।’ শেখ হাসিনা বলেন, ‘এ ঘটনা সম্পর্কে বিরোধীদলীয় নেত্রীর অবস্থান জাতির সামনে পরিষ্কার করতে হবে। বলতে হবে, বিডিআর বিদ্রোহের আগে উনি পালালেন কেন? কেমন করে আগেই জানলেন বিদ্রোহ ঘটবে? এখন সামরিক বাহিনীর কর্মকর্তাদের হত্যার সঙ্গে জড়িত খুনিদের রক্ষা করার জন্য এত চেষ্টা করছেন কেন? এর জবাব বিরোধীদলীয় নেত্রীকে জাতির সামনে একদিন দিতে হবে।’ প্রধানমন্ত্রীর সূচনা বক্তব্যের পর তৃণমূল নেতাদের কাছে ১০টি প্রশ্নসংবলিত একটি ফরম দেওয়া হয়। সেখানে তাঁরা তাঁদের পছন্দের তিনজন প্রার্থীর নাম ও প্রার্থী সম্পর্কে কিছু প্রশ্নের উত্তর লিখে জমা দেন। প্রধানমন্ত্রী বলেন, সবাইকে তিনজন প্রার্থীর নাম লিখতে হবে। একজনের নাম লিখে জমা দিলে সে ফরম বাতিল বলে গণ্য হবে। তিনি বলেন, ‘তৃণমূলের মতামত ও আমাদের জরিপ পর্যালোচনা করেই প্রার্থী দেওয়া হবে। এবার নির্বাচনের বেশ কিছু সময় আগেই প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। একজনকে মনোনয়ন দেব, আরেকজন বিকল্প হিসেবে থাকবে। কিন্তু মনোনয়ন চাইতে আসবে তো পাঁচজন। যারা মনোনয়ন পাবে না, তাদের মান ভাঙাতেও সময় লাগবে।’