নর্থ সাউথের নিখোঁজ শিক্ষার্থী ৮১ ঘণ্টা পর বাসায় ফিরলেন
চোখ ও হাত বেঁধে অজ্ঞাত ব্যক্তিরা তুলে নিয়ে যান
নিখোঁজ হওয়ার প্রায় ৮১ ঘণ্টা পর গত বৃহস্পতিবার রাত ১২টায় নিজ বাসায় ফিরেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. জুনায়েদ হোসেন (আকিব)। গত সোমবার বেলা তিনটায় চট্টগ্রাম নগরের এমইএস কলেজ ফটকের সামনে থেকে কয়েকজন লোক চোখ বেঁধে তাঁকে মাইক্রোবাসে তুলে নিয়ে যান। গাড়ি চলার পর তাঁর আর কিছু মনে নেই। তাঁকে কোথায় নেওয়া হয়েছিল, তা তিনি জানেন না বলে জানান।
গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের কুসুমবাগ এলাকার বাসায় জুনায়েদের সঙ্গে একান্তে কথা বলে প্রথম আলো। তিনি বলেন, সোমবার গরীবুল্লাহ শাহ মাজার এলাকায় তাঁর ব্যক্তিগত গাড়ির সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এরপর গাড়িটি মেরামতের কথা বলে মাইক্রোবাসের আরোহীরা তাঁকে এমইএস কলেজের সামনে যেতে বলেন। সেখানে তিনি ও তাঁর গাড়িচালক মোহাম্মদ মোস্তফা যান। গাড়ি থেকে নামার পর ওই মাইক্রোবাসে তোলা হয় তাঁদের। এরপর তাঁদের চোখ ও হাত বেঁধে ফেলেন মাইক্রোবাসের লোকজন।
জুনায়েদ বলেন, গাড়ি চলার পর তাঁর ঘুম চলে আসে। এ কারণে তাঁকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে এবং কতক্ষণ গাড়ি চলেছে, তা তিনি বুঝতে পারেননি। গাড়ি থেকে নামিয়ে তাঁকে একটি অন্ধকার কক্ষে রাখা হয়। কেবল খাওয়ার সময় হালকা করে চোখের বাঁধন খোলা হয়। দুদিন ধরে বাবা ও পরিবারের সদস্যদের কথা তাঁর কাছে জানতে চাওয়া হয়। কতজন লোক তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন, তা মনে নেই। তবে তাঁর সঙ্গে ভদ্র আচরণ করেছেন তাঁরা। দুই রাত অন্ধকার একটি কক্ষে রাখার পর তৃতীয় রাতে চোখ বাঁধা অবস্থায় তাঁকে কোথাও ফেলে রেখে যান তাঁরা। পরে জানতে পারেন, জায়গাটি বসুন্ধরা কনভেনশন সেন্টার এলাকা। সেখান থেকে ঢাকায় এক আত্মীয়ের বাসায় যান তিনি।
জুনায়েদের মেজো ভগ্নিপতি আরিফ রিজভী বলেন, কারা এবং কেন জুনয়াদেকে ধরে নিয়ে গেছে, তা এখনো বুঝতে পারছেন না তাঁরা। তিনি বলেন, বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছার পর জুনায়েদকে নিয়ে পরিববারে সদস্যরা খুলশী থানায় যান। সেখানে তাঁকে ঘণ্টা খানেক জিজ্ঞাসাবাদের পর পরিবারের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ।
জুনায়েদ ও তাঁর গাড়িচালক নিখোঁজ হওয়ার ঘটনায় সোমবার পরিবারের পক্ষ থেকে খুলশী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। গত বুধবার সন্ধ্যায় খুলশীর ডায়াবেটিক হাসপাতালের গাড়ি পার্কিংয়ের জায়গায় পরিত্যক্ত অবস্থায় জুনায়েদের গাড়িটি পাওয়া যায়। নিখোঁজ হওয়ার ৫৮ ঘণ্টা পর বুধবার দিবাগত রাত একটার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে যোগাযোগ করেন জুনায়েদ। আর গাড়িচালক মোস্তফাকে বুধবার রাত তিনটার দিকে চট্টগ্রাম শহরতলির টোল সড়ক এলাকায় কে বা কারা চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দিয়ে যায়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, কারা তুলে নিয়ে গেছে, তা বলতে পারেননি জুনায়েদ। বিষয়টি আমাদের কাছেও স্পষ্ট নয়। তবে তিনি বাসায় ফিরেছেন, এটা স্বস্তির কথা। এ বিষয়ে আরেকটি জিডি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে তাঁকে।