চোখ ঢেকে স্কুলে ভর্তির লটারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতিঝিল আইডিয়াল স্কুলে ভর্তির লটারির সময় অভিভাবকের চোখ ঢেকে দেওয়া হয় l ফোকাস বাংলা
মতিঝিল আইডিয়াল স্কুলে ভর্তির লটারির সময় অভিভাবকের চোখ ঢেকে দেওয়া হয় l ফোকাস বাংলা

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণিতে ভর্তির জন্য প্রথম দফার লটারি গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনে মতিঝিল, বনশ্রী ও মুগদা শাখার বালক বিভাগে ভর্তির লটারি অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়টির মতিঝিল শাখায় সনাতন পদ্ধতিতে এই লটারি হয়। এতে এক অভিভাবক আরেক অভিভাবকের চোখ হাত দিয়ে ঢেকে রাখেন। এরপর যার চোখ ঢেকে রাখা হয় তিনি লটারির কাগজ তোলেন।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ শাহান আরা বেগম বলেন, খোলা চোখে লটারির কাগজ তুললে অভিভাবকেরা সন্দেহ করেন। এ জন্য অভিভাবকদের দিয়ে এভাবে লটারি করা হয়েছে। আজ সোমবার তিন শাখার বালিকা বিভাগের লটারি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ইংরেজি ভার্সনের বালক-বালিকা বিভাগের লটারি হবে।
কয়েক বছর ধরে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হয়। এখন কোনো ভর্তি পরীক্ষা হয় না।
সরকারি স্কুলে ভর্তির লটারি ২৬ ডিসেম্বর: ঢাকা মহানগরসহ দেশের বিভাগীয় ও জেলা সদরের (চট্টগ্রাম মহানগর ছাড়া) সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইনে ভর্তির আবেদনের শেষ সময় ছিল গতকাল রাত ১১টা ৫৯ মিনিট। ১ ডিসেম্বর আবেদন গ্রহণ শুরু হয়েছিল।
ঢাকা মহানগর এলাকায় অবস্থিত ৩৫টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়কে তিনটি গুচ্ছ করে প্রথম শ্রেণিতে লটারি এবং দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ভর্তির পরীক্ষা হবে। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে ৫০ নম্বরের এবং চতুর্থ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ১০০ নম্বরের পরীক্ষা হবে।