চোখ বেঁধে পায়ে গুলি করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
পুলিশ দুই ব্যক্তিকে চোখ বেঁধে পায়ে গুলি করেছে বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশের দাবি, অস্ত্র উদ্ধারে গেলে ডাকাত দলের কয়েকজন সদস্য তাঁদের ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় পুলিশের ছোড়া গুলিতে তাঁরা আহত হন।
পুলিশ জানায়, গত সোমবার রাত নয়টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের জগন্নাথপুর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির সময় চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলার কালীগঞ্জ উপজেলার দেবাড়িয়া গ্রামের জাহাঙ্গীর হোসেন গাজী (৩৫), পাইকাড়া গ্রামের শওকাত হোসেন (৪৫), বেনাদোনা গ্রামের আবদুল গফফার (৩০) ও দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের হাসান আলী। তাঁদের মধ্যে জাহাঙ্গীর ও শওকাত গুলিবিদ্ধ হয়েছেন।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. নাছিরউদ্দিন জানান, ১০-১২ জনের একদল ডাকাত সাতক্ষীরা সদর উপজেলার জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবস্থান নেয়। খবর পেয়ে পুলিশ ওই এলাকা থেকে রড, ও গ্রিল কাটার মেশিনসহ চারজনকে গ্রেপ্তার করে। অন্যরা পালিয়ে যাওয়ার সময় পুলিশ দুটি গুলি ছোড়ে।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে তাদের কাছে অস্ত্র রয়েছে বলে জানালে দিবাগত রাত একটার দিকে ওই চারজনকে নিয়ে উপপরিদর্শক (এসআই) হেকমত আলীর নেতৃত্বে একদল পুলিশ অস্ত্র উদ্ধারে বের হয়। রাত দেড়টার দিকে জগন্নাথপুর এলাকায় গেলে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ৵ করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গ্রেপ্তারকৃত আসামিদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ আত্মরক্ষায় ছয়টি গুলি ছোড়ে। এতে ডাকাত দলের সদস্য জাহাঙ্গীর ও শওকাত পায়ে গুলিবিদ্ধ হয়। পরে তাঁদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরিমল কুমার বিশ্বাস জানান, পুলিশ রাত দুইটায় গুলিবিদ্ধ দুজনকে হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।
তবে গতকাল মঙ্গলবার সকালে সদর থানায় জাহাঙ্গীর ও শওকাত জানান, সোমবার দিবাগত রাতে তাঁদের চোখে কালো কাপড় বেঁধে থানা থেকে বাইরে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের পায়ে গুলি করা হয়। যে স্থান থেকে ধরা হয়েছিল সেই স্থানে নিয়েই পুলিশ গুলি করেছে বলে তাঁরা ধারণা করছেন।
পুলিশের পরিদর্শক নাছিরউদ্দিন আরও জানান, ডাকাতদের ছোড়া ককটেলে রেজাউল ইসলাম ও মশিয়ার রহমান নামে পুলিশের দুই কনস্টেবল সামান্য আহত হয়েছেন। এ ঘটনায় এসআই হেকমত আলী বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।