ক্যাডেট পাইলটদের বসিয়ে রেখে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বিমানের
চোখে অন্ধকার দেখছেন তরুণ বৈমানিকেরা
নিয়োগ পাওয়ার তিন বছর পর চোখে অন্ধকার দেখছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ক্যাডেট পাইলটরা। সম্প্রতি বিমান কর্তৃপক্ষ নতুন করে বোয়িং-৭৩৭ ও এয়ারবাস (এ-৩১০) উড়োজাহাজের জন্য ফার্স্ট অফিসার বা কো-পাইলট নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ায় আরও বেশি করে অনিশ্চিত হয়ে পড়েছে তরুণ এসব দেশীয় বৈমানিকের ভবিষ্যৎ।
তবে বিমান কর্তৃপক্ষ বলছে, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যোগ্যতা থাকলে ক্যাডেট পাইলটরাও এতে অংশ নিতে পারবেন।
কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে ন্যূনতম এক হাজার ঘণ্টা উড্ডয়ন অভিজ্ঞতা চাওয়া হয়েছে, যা তরুণ বৈমানিকদের থাকার কথা নয়। ফলে তাঁরা এতে অংশ নিতে পারবেন না৷
আবার গত বছরের ৬ জুন বিমানের ডেপুটি চিফ অব ট্রেনিং নজরুল শামীম বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে একটি প্রতিবেদন দিয়েছেন৷ তাতে উল্লেখ করা হয়েছে, ‘বিমানে বিদ্যমান আইন মোতাবেক, যোগদানের পূর্বের কোনো উড্ডয়ন (অভিজ্ঞতা) পরিপ্রেক্ষিতে কোনো রকম সুযোগ প্রদানের অবকাশ নেই।’
সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, অন্য উড়োজাহাজে এক হাজার বা তার বেশি উড্ডয়ন ঘণ্টার অভিজ্ঞতা থাকলেও, নিয়োগপ্রাপ্ত সবাইকে বিমান বহরে থাকা উড়োজাহাজের উপযোগী করতে আবার প্রশিক্ষণ নিতে হয়।
সবকিছু পর্যালোচনা করে বিমানের দািয়ত্বশীল সূত্র দাবি করেছে, বর্তমান প্রক্রিয়ায় বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ব্যক্তি, যাঁরা বাণিজ্যিক বৈমানিক লাইসেন্স নিয়েছেন, তাঁরাই এই নিয়োগে সুযোগ পাবেন৷ কারণ, এক হাজার ঘণ্টা উড্ডয়ন অভিজ্ঞতার শর্ত যুক্ত করে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং তাতে বয়সসীমা ৪০ বছর করা হয়েছে। এই প্রক্রিয়ার কারণেই ক্যাডেট পাইলটদের বসিয়ে রাখা হয়েছে৷ এতে তাঁদের পেশাগত জীবন (ক্যারিয়ার) প্রায় শেষ হয়ে যাচ্ছে৷
বিমান সূত্র জানায়, এর আগে ২০১০ সালের ৯ ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ ক্যাডেট পাইলট নিয়োগের বিজ্ঞপ্তি দেয়। তাতে ৬০ জন আবেদন করেন। লিখিত ও মৌখিক পরীক্ষায় ২০ জন পাস করে। তখন উড়োজাহাজের সংকট থাকায় এঁদের মধ্যে মেধাভিত্তিকভাবে প্রথম পর্বে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়। বাকি ১০ জনকে অপেক্ষমাণ রাখা হয়। তখন বলা হয়েছিল, প্রথম ১০ জনের প্রশিক্ষণ শেষে দ্বিতীয় পর্বে বাকি ১০ জনকে নিয়োগ দেওয়া হবে।
কিন্তু অপেক্ষমাণ ক্যাডেটদের নেওয়া তো দূরের কথা, প্রথম পর্বের ১০ জনকেই দুই বছর ধরে বসিয়ে রাখা হয়েছে। যদিও তাঁদের প্রতি মাসে ১৫ হাজার টাকা করে বেতনও দেওয়া হচ্ছে। আর, অপেক্ষমাণ বাকি ১০ জনের কোনো খবর নেই।
এ বিষয়ে একাধিক ক্যাডেট পাইলট কর্তৃপক্ষকে চিঠি দিয়েও কোনো জবাব পাননি। চিঠিতে বলা হয়, নিয়োগ পাওয়ার পর তাঁরা এফ-২৮ উড়োজাহাজের প্রশিক্ষণ শেষে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর এফ-২৮ বিমান বহর থেকে বাদ দেওয়া হয়। তারপর তাঁদের বোয়িং ৭৩৭ উড়োজাহাজের গ্রাউন্ড প্রশিক্ষণে পাঠানো হয়। তা শেষে আবার পরীক্ষায় পাস করেন। এরপর পর্যবেক্ষণ ফ্লাইট শুরু হয়। দু-তিনটি পর্যবেক্ষণ ফ্লাইট শেষে অজ্ঞাত কারণে তা বন্ধ করে দেওয়া হয়। এরপর দুই বছর ধরে তাঁরা বসে আছেন। এ অবস্থায় ভবিষ্যৎ অন্ধকার দেখছেন এসব তরুণ বৈমানিক।
জানতে চাইলে পরিচালক (ফ্লাইট পরিচালন) ক্যাপ্টেন ইশরাত বলেন, ক্যাডেট পাইলটদের বোয়িং ৭৩৭-এ প্রশিক্ষণ করানোর পর কিছুদিন পর্যবেক্ষণ ফ্লাইটও করানো হয়। তাতে প্রথমে দুজন উত্তীর্ণ হন। এর পরের দুজন অকৃতকার্য হন। এরপর পর্যবেক্ষণ ফ্লাইট করানো হয়নি। তিনি বলেন, এখন এঁরা বিমানের চাহিদা অনুযায়ী যোগ্যতা থাকলে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ফার্স্ট অফিসার পদে আবেদন করতে পারবেন। অন্যথায় তাঁদের টার্বো পর্প (অপেক্ষাকৃত ছোট উড়োজাহাজ) বহরে না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
তবে একাধিক ক্যাডেট পাইলট প্রথম আলোকে বলেন, দুজন অকৃতকার্য হওয়া মানে বাকি সবাই খারাপ—এটা ধরে নিয়ে বাকিদের বসিয়ে রাখাটা অযৌক্তিক ও অবিচার। তাঁদের অনেকে এর আগে বিভিন্ন বেসরকারি বিমান সংস্থায় উড়োজাহাজ চালিয়েছেন, অনেকে বাইরে চাকরি পেয়েছিলেন। কিন্তু বিমানে নির্বাচিত হওয়ায় তাঁরা ওই চাকরি ছেড়ে দেন বা তাতে যোগ দেননি। এখন তাঁরা বুঝতে পারছেন না, তাঁদের ভবিষ্যৎ কী হবে।
এ বিষয়ে বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ এম মোসাদ্দিক আহমেদের বক্তব্য জানতে চাইলে জনসংযোগ শাখার মাধ্যমে তিনি প্রথম আলোকে বলেন, ক্যাডেট পাইলটদের যখন নিয়োগ দেওয়া হয়, তখন বিমান বহরের কোর উড়োজাহাজ ছিল এফ-২৮। পরে এফ-২৮ বহর থেকে বাদ দেওয়া হয়। এখন কোর উড়োজাহাজ বোয়িং-৭৩৭। এর জন্য যেসব যোগ্যতা ও উড্ডয়ন অভিজ্ঞতা থাকা দরকার, তা ক্যাডেট পাইলটদের নেই। তাঁদের এখন টার্বো পর্প উড়োজাহাজের জন্য রাখা হয়েছে। টার্বো পর্প আনার বিষয়টি বিমান কর্তৃপক্ষের এখনো বিবেচনায় রয়েছে।
তবে এ বিষয়ে ওয়াকিবহাল একাধিক জ্যেষ্ঠ বৈমানিক বলেন, অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার জন্য টার্বো পর্প উড়োজাহাজ ভাড়া করার জন্য কয়েক দফা দরপত্র দিয়ে কোনো সাড়া পায়নি বিমান কর্তৃপক্ষ। কিন্তু এত দিন ক্যাডেট পাইলটদের বসিয়ে না রেখে ৭৩৭-এ পর্যবেক্ষণ ফ্লাইট করালে এত দিনে তাঁরা কো-পাইলটের যোগ্যতা অর্জন করতেন এবং অপেক্ষমাণ বাকি ১০ জনকেও প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা যেত।