চোখে জল, মনে বল
‘পরিবার ও সমাজের কথা জানি না, শারীরিক গড়নের কারণে নিজেকে নিজের কাছে বোঝা মনে হতো। যোগ্যতা প্রমাণের সুযোগ পেলে আমিও যে কর্মক্ষম—একদিন দেখিয়ে দেব। এ কথাটি এত দিন শুধু মনের মধ্যে ছিল। আজ মনের সেই কথা প্রকাশের সুযোগ পেলাম।’
এভাবেই বলছিলেন সানজিদা রহমান। শারীরিক প্রতিবন্ধী। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমবিএর ছাত্রী। পড়াশোনাকালীন চাকরি পেলেন পূবালী ব্যাংকের সাধারণ শাখায়। সানজিদার সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রিধারী দেওয়ান সালামত রাজা চৌধুরী নামের একজন দৃষ্টিপ্রতিবন্ধী তরুণের চাকরি হয়েছে একই ব্যাংকে।
গতকাল শুক্রবার দুজনের হাতে নিয়োগপত্র হস্তান্তর করেন পূবালী ব্যাংকের চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার। জলভরা চোখে আর মনে বল নিয়েই তাঁরা নিয়োগকে একধরনের চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেন। এ উপলক্ষে গতকাল বিকেলে তাঁরা দুজন একসঙ্গে নগরে ব্যাংকের স্টেডিয়াম শাখায় যান। সেখানেই দুজনের সঙ্গে আলাপ হয়। তাঁরা জানান, প্রতিবন্ধীর প্রতিবন্ধকতা জয় করে পড়াশোনা আর শেষে চাকরির সুযোগ তাঁদের মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি দিয়েছে৷ কথা বলার সময় দুজনের চোখে ছিল পানি; তবে মনে অফুরান বল।
সিলেটের দক্ষিণ সুরমার বাসিন্দা সানজিদা সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় ও সরকারি মহিলা কলেজে পড়াশোনা শেষে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ শেষে এমবিএ পড়ছেন।
সানজিদার সঙ্গে একই ব্যাংকে চাকরি হয়েছে দৃষ্টিপ্রতিবন্ধী তরুণ দেওয়ান সালামত রাজা চৌধুরীর। সালামতের বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পানাইল গ্রামে। সিলেট নগরের সুবিদবাজারে এক বোনের বাসায় তিনি থাকেন। চাকরি পাওয়ার প্রতিক্রিয়ায় সালামতের চোখে পানি ছিল। তিনি বলেন, ‘আমি জন্মান্ধ মানুষ। তাই নিজের জগৎকে নিজের মতো করে সাজাতেই শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছি। চাকরি পেয়ে নিজেকে প্রমাণের সুযোগ শতভাগ কাজে লাগাব।’
পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক আবু হাবিব খায়রুল কবীর জানান, গত বৃহস্পতিবার পূবালী ব্যাংকের বোর্ডসভায় ব্যাংকের চেয়ারম্যানের প্রস্তাবে প্রতিবছর দুজন করে শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রতিবন্ধীকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ব্যাংকের ‘সামাজিক দায়বদ্ধতা’ (সিএমআর) প্রকল্পে ওই দুজনের চাকরি হয়।
এক প্রশ্নের জবাবে মহাব্যবস্থাপক প্রথম আলোকে বলেন, ‘তাঁরা প্রতিবন্ধী বলেই যে চাকরি হয়েছে—এমন কিন্তু নয়। সমান শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন হওয়ায় চাকরি হয়েছে।’ প্রতিবন্ধীদের সমান কর্মক্ষম করে গড়ে তোলার এ উদ্যোগ বাংলাদেশের ব্যাংকিং খাতে প্রথম বলে তিনি জানান।